এখন সময়:সকাল ৬:২২- আজ: শনিবার-৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সকাল ৬:২২- আজ: শনিবার
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

শামীম নওরোজ এর কবিতা

সোনালু ফুলের রেণু

 

১২.

সব শ্মশানের জন্ম হয় নদীর কিনারায়

শ্মশানে আগুন জ্বললে পাখিরা দুঃখ পায়

নদীজলে ভেসে যায় পোড়া মানুষের ছাই

শববাহকের দলে আমিও ছিলাম

পিছনে মায়ের কান্না, উত্তপ্ত রোদ্দুর

পিছনে দিদির কান্না, শীতল শঙ্খিনী

আমি মাছরাঙা, বাবাকে ঠোঁটে তুলে নিয়ে যাচ্ছি শ্মশানের দিকে

দু’ধারে গাছের সারি, উচ্ছ্বসিত ছায়া

তবুও বুকের ভেতর কান্নারত মায়ার উপমা

পাড়ার লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে বিষণ্ণ হরিবোল

নদীর কিনারায় পৌঁছলে কেঁপে ওঠে বাবা

কেরোসিন, শুকনো কাঠের মাচান

দাউ দাউ করে জ্বলে ওঠে বাবার শরীর

নদীজলে ভেসে যায় আমাদের পিতৃছায়া

বিবর্ণ সংসারের মুখগুলো ভারী হয়ে যায়

 

 

১৩.

চাঁদের জোছনা বর্শা হয়ে ঢুকে যাচ্ছে মাটির শরীরে

সূর্যের উত্তাপে সিদ্ধ হচ্ছে মানচিত্রের ধুলোবালি

ছায়ার উপর গড়াচ্ছে রোদ্দুর

পরিচিত পাখিটি উড়ে যাচ্ছে এগাছ থেকে ওগাছে

সময়টা বড্ড গোলমেলে

এপারে ওপারে মৃত শালিকের বাস

জোছনার উপর ছিটকে পড়ছে জোনাকির আলো

সূর্য নিভে গিয়ে উজ্জ্বল হচ্ছে রাত্রির মমতা

মূলত, কিছুই না…

সত্য-মিথ্যার ঝাঁঝালো লড়াই

মানুষেরা আগের মতোই আছে

চাঁদটি পাখি হয়ে উড়ছে ব্যাধের নিয়মে

 

 

১৪.

দুপুর গড়িয়ে গেলে, মনে পড়ে বিরসা মুণ্ডার মুখ

এখনো তেমনি আছে

পাহাড় কাটার কোদাল বেড়েছে অনেক

চোখের সামনে পড়ে আছে বাসবরাজের গুলিবিদ্ধ লাশ

বিপ্লবী যায়, বিপ্লবী আসে

পূর্বপুরুষের রক্তাক্ত পিঠের কথা লেখা আছে ইতিহাসে

এ ইতিহাস সত্যের মতো নান্দনিক

আমরা আশা নিয়ে বাঁচি

আমরা যেকোনো সময় হয়ে যেতে পারি বিরসা মুণ্ডার তির

যুদ্ধই জীবন

বিপ্লবী যায়, বিপ্লবী আসে

 

 

 

 

১৫.

এপারে ওপারে জল। মাঝখানে চর। তবুও নদীটি নদী হয়ে বেঁচে আছে…

 

চরজুড়ে কাশফুল। শৈশবের লুকোচুরি…

 

আগুনে পুড়ছে ঘর। নদীটি দেয়নি জল। জলগর্বে উচ্ছ্বসিত নদীর জীবন । এখন শুকনো বুক। জল হাহাকার। হিংসায় হারিয়েছে নদী তার নিজস্ব যৌবন…

 

মাঝখানে চর নেই। আষাঢ়-শ্রাবণ। স্রোতের মায়ায় ভাসে পানসি ও কোষা…

 

জলের স্বভাবে বাঁচে জলীয় জীবন। জলের স্বভাবে মরে তৃষ্ণার্ত বাবুই…

 

নদীকথা শোনেনি মানুষ…

 

মাঝি ও ধীবর গেছে শ্মশানের খোঁজে…

 

 

১৬.

 

এইসব দিন, আর সেইসব রাত্রির ব্যবধান লিখে রাখি

শালুকের জলীয় পাতায়

উড়ে যায় জলপাখি শব্দের মোহনীয় ঝাঁকে

 

পুকুর উঠে আসছে উঠোনের উপর

নদী উঠে আসছে রাস্তার উপর

সাগরের জলে ভেসে যাচ্ছে তামাম দেশ

 

লবনাক্ত মাটির পাদদেশে বেহায়া শেয়াল

কিছু একটা শিকার করে ফিরে যাচ্ছে বনের আঁধারে

ঠেকাবার কেউ নেই

 

কোলাহলে কলুষিত ফসলের ক্ষেত

ফসলের মূল্য যাচ্ছে আন্দোলিত পকেটের ভেতর

কিছুই করার নেই

 

এইসব দিন, আর সেইসব রাত্রি এক হয়ে গেছে

 

তালুক পুড়ছে নিজের আগুনে

জলের কিছুই করার নেই

 

মানুষেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শকুনের ডাক শুনছে

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।