মাসুদুল হক
১. গৌতম বুদ্ধের দর্শন: সংক্ষিপ্ত রূপরেখা:
প্রাচ্য দর্শনের ইতিহাসে গৌতম বুদ্ধ এক অনিবার্য ও মৌলিক নাম। প্রাচীন ভারতীয় চিন্তাজগৎ যেখানে প্রধানত ভাববাদী দর্শনে আচ্ছন্ন ছিল, সেখানে বুদ্ধের দর্শন এক স্বতন্ত্র বস্তুবাদী ও মানবকেন্দ্রিক চিন্তার ধারা হিসেবে আত্মপ্রকাশ করে। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বিশ্লেষণ অনুসারে চার্বাক ও জৈনের পাশাপাশি বৌদ্ধ দর্শনও বেদবিরোধী ‘নাস্তিক’ দর্শনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। ঈশ্বর, আত্মার নিত্যতা ও শাস্ত্রের স্বতঃপ্রমাণতা—এই তিনটি মৌলিক প্রত্যয়কে অস্বীকার করে বুদ্ধ দর্শনচর্চাকে ধর্মীয় আচার থেকে মুক্ত করে মানবমুক্তির বাস্তব দর্শনে রূপ দেন।
ঔপনিবেশিক উত্তরাধিকার ও পাশ্চাত্য দর্শনের আধিপত্য আমাদের চিন্তাজগতে এমনভাবে প্রোথিত যে প্রাচ্যের এই দার্শনিক বিপ্লবকে আমরা প্রায়শই আড়ালেই রেখে দিই। অথচ বুদ্ধকে ‘ধর্মগুরু’ নয়, বরং এক প্রগতিশীল দার্শনিক হিসেবে পাঠ করাই অধিক যুক্তিসঙ্গত। কারণ বৌদ্ধ দর্শনের সঙ্গে প্রচলিত প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর মৌলিক কাঠামোগত মিল খুঁজে পাওয়া কঠিন। বরং বুদ্ধ দর্শনের জন্মই হয়েছিল সমাজব্যবস্থা, শ্রেণিবিন্যাস, ধর্মীয় কর্তৃত্ব ও লিঙ্গভিত্তিক বৈষম্যের ভিত নাড়িয়ে দিয়ে।
বুদ্ধ দর্শনের মৌলিক নীতি ও সামাজিক তাৎপর্য বুদ্ধের চার আর্যসত্য ও অষ্টাঙ্গিক মার্গ কেবল আধ্যাত্মিক মুক্তির পথ নয়; এগুলো সামাজিক দুঃখ, ক্ষমতার কাঠামো ও মানুষের পারস্পরিক সম্পর্কের দার্শনিক বিশ্লেষণ। দুঃখকে বুদ্ধ কোনো অলৌকিক শাস্তি হিসেবে নয়, বরং কার্যকারণসূত্রে আবদ্ধ সামাজিক ও মানসিক বাস্তবতা হিসেবে দেখেছেন। এই দৃষ্টিভঙ্গি তাঁকে পরকালনির্ভর ধর্মীয় দর্শন থেকে আলাদা করে দেয়।
এই মানবিক ও যুক্তিনির্ভর দর্শনের ফলেই বুদ্ধ যুদ্ধ, যজ্ঞ ও ধর্মীয় সহিংসতার বিরোধিতা করেন। ক্ষত্রিয় বংশে জন্ম নিয়েও তিনি যুদ্ধবর্জিত সমাজের কথা বলেন। মধ্যমার্গের দর্শন তাঁর এই বাস্তববাদী মানবিকতারই প্রকাশ—চরম ভোগ ও চরম তপস্যা উভয়কেই প্রত্যাখ্যান করে তিনি এমন এক পথ নির্দেশ করেন, যা ব্যক্তির মুক্তির সঙ্গে সমাজের কল্যাণকে যুক্ত করে।
২.নারী প্রশ্নে বুদ্ধ ও অন্যান্য প্রসঙ্গ:
ধর্মীয় দর্শনের ইতিহাসে নারীর অবস্থান সাধারণত প্রান্তিক, বিধিবদ্ধ ও পুরুষনির্ভর। নারীকে প্রায়শই ‘আলাদা’ করে মর্যাদা দেওয়ার নামে প্রকৃত মানবিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে বুদ্ধের দর্শন ব্যতিক্রমী। তিনি নারীকে পুরুষের পরিপূরক নয়, স্বতন্ত্র মানুষ হিসেবে দেখার দার্শনিক ভিত্তি নির্মাণ করেন।
বৌদ্ধ দর্শনে ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা নিঃসন্দেহে এক ঐতিহাসিক ও বৈপ্লবিক ঘটনা। মহাপ্রজাপতি গৌতমী ও পাঁচশত শাক্য নারীর সংঘে প্রবেশ ধর্মীয় ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। যদিও বিনয়পিটকে নারীদের সংঘে প্রবেশ নিয়ে আপত্তি ও ভবিষ্যদ্বাণীর উল্লেখ পাওয়া যায়, আধুনিক ঐতিহাসিক বিশ্লেষণ (যেমন কোসম্বী) এসব অংশকে পরবর্তী সংযোজন হিসেবে চিহ্নিত করেছেন। যুক্তিসঙ্গতভাবেই বলা যায়, যে দর্শন মানবমুক্তিকে চূড়ান্ত লক্ষ্য করে, সেখানে লিঙ্গভিত্তিক সংকীর্ণতার স্থান থাকার কথা নয়।
সংযুক্তনিকায়ের ‘স্বতন্ত্র দুঃখ সূত্র’-এ বুদ্ধ যে পাঁচটি দুঃখ নারীর জন্য আলাদা করে চিহ্নিত করেছেন—পিতৃগৃহ ত্যাগ, ঋতুস্রাব, গর্ভধারণ, সন্তানপ্রসব ও পুরুষের পরিচর্যা—তা আধুনিক নারীবাদী বিশ্লেষণের সঙ্গে গভীরভাবে সংলগ্ন। এখানে বুদ্ধ নারীজীবনের জৈবিক ও সামাজিক বাস্তবতাকে দুঃখ হিসেবে স্বীকৃতি দিয়েছেন, যা সেই সময়ের প্রেক্ষিতে এক অভূতপূর্ব দার্শনিক স্বীকারোক্তি।
এই দৃষ্টিভঙ্গি আজকের তৃতীয় তরঙ্গ ও র্যাডিকাল নারীবাদের সঙ্গে সংলাপ তৈরি করে। মাতৃত্ব, গৃহশ্রম ও পরিচর্যার প্রশ্নে যে সমালোচনামূলক অবস্থান আধুনিক নারীবাদ নিয়েছে, তার বীজ বুদ্ধের দর্শনেই নিহিত।
বৌদ্ধ সাহিত্যের এক অনন্য সম্পদ ‘থেরীগাথা’—যেখানে নারীরা নিজেরাই নিজেদের দুঃখ, মুক্তি ও বোধির কথা বলেছেন। গণিকা বিমলা, আম্রপালি, পটাচারা কিংবা অজ্ঞাতনামা গৃহিণী—সবাই এখানে সমাজনির্ধারিত পরিচয় অতিক্রম করে মানবিক আত্মপরিচয়ে উত্তীর্ণ হন।
পটাচারার উন্মাদনা থেকে মুক্তি কিংবা বিমলার দেহের অনিত্যতা উপলব্ধি—এসব কাহিনি দেখায়, বুদ্ধের দর্শন নারীকে করুণার পাত্র নয়, বরং জ্ঞান ও মুক্তির সক্রিয় অধিকারী হিসেবে স্বীকৃতি দেয়। সোমা ভিক্ষুণীর মারকে দেওয়া প্রত্যুত্তর—“স্ত্রীত্ব নির্বাণমার্গে কীভাবে অন্তরায় হয়?”—বৌদ্ধ নারীবাদের এক শক্তিশালী দার্শনিক ঘোষণা।
বুদ্ধের মৃত্যুর পর দ্রুতই মতভেদ, বিভাজন ও ধর্মীয় আচারবাদ বৌদ্ধ দর্শনের মানবিক শক্তিকে ক্ষয় করতে শুরু করে। পূজা, অলৌকিকতা ও বুদ্ধকে অবতার বানানোর প্রবণতা তাঁর দর্শনের মূল সত্তাকেই আড়াল করে দেয়। এই অবক্ষয়ের দায় কেবল বহিরাগত শক্তির নয়; বৌদ্ধ অনুসারীদের অভ্যন্তরীণ মতানৈক্যও এর জন্য দায়ী।
বুদ্ধ নিজেই তাঁর অনুশাসনকে চূড়ান্ত ও অপরিবর্তনীয় বলে ঘোষণা করেননি। পরিনির্বাণের আগে আনন্দকে বলা তাঁর সেই বিখ্যাত উক্তি—সংঘ চাইলে ক্ষুদ্র নিয়ম পরিত্যাগ করতে পারে—এক প্রগতিশীল দর্শনের স্পষ্ট নির্দেশ।
আধুনিক নারীবাদী ও সমাজমনস্ক দৃষ্টিতে বুদ্ধের দর্শন পুনর্পাঠ করলে দেখা যায়, এটি কেবল আধ্যাত্মিক মুক্তির দর্শন নয়; বরং লিঙ্গ, শ্রেণি ও ক্ষমতার কাঠামোকে প্রশ্ন করার এক শক্তিশালী মানবতাবাদী তত্ত্ব। নারী, দাসী, গণিকা, রাজমহিষী—সবাই এখানে মানুষ হিসেবে সমানভাবে স্বীকৃত।
আজ প্রয়োজন বুদ্ধকে ধর্মীয় প্রতিমা হিসেবে নয়, বরং এক প্রগতিশীল দার্শনিক ও সমাজচিন্তক হিসেবে পুনরুদ্ধার করা। নারীবাদ, শ্রেণিচেতনা ও মানবমুক্তির সংগ্রামে বুদ্ধের দর্শন তখনই প্রাসঙ্গিক হবে, যখন তা জীবন্ত, সমালোচনামূলক ও মানবিক চিন্তার অনুপ্রেরণা হিসেবে ব্যবহৃত হবে—অন্ধ ধার্মিকতার আশ্রয় হিসেবে নয়।
৩.বুদ্ধ ও তাঁর ব্যবহারিক জীবনে নারী:
গৌতম বুদ্ধের জীবন ও দর্শন কেবল আধ্যাত্মিক মুক্তির পথই দেখায়নি, বরং সমাজে নারীর অবস্থান সম্পর্কে এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গিও উপস্থাপন করেছে। প্রাচীন ভারতীয় সমাজ ছিল গভীরভাবে পিতৃতান্ত্রিক; সেখানে নারীর সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সীমিত ছিল এবং তাদের আধ্যাত্মিক সক্ষমতা প্রায়শই অস্বীকার করা হতো। এই প্রেক্ষাপটে গৌতম বুদ্ধ নারীর প্রতি যে মানবিক, সমতাভিত্তিক ও যুক্তিনির্ভর দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছিলেন, তা আজকের আধুনিক সমাজেও গভীর তাৎপর্য বহন করে।
বুদ্ধের জীবনে নারীর উপস্থিতি কেবল পারিবারিক বা আবেগগত পর্যায়ে সীমাবদ্ধ ছিল না, বরং তা তাঁর চিন্তা ও ধর্মীয় কার্যক্রমকে গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর জন্মের সঙ্গে জড়িয়ে আছেন মায়াদেবী, যিনি মাতৃত্বের প্রতীক হলেও বুদ্ধের জীবনে নারীর ত্যাগ ও করুণার প্রথম অনুপ্রেরণা হয়ে ওঠেন। যদিও তিনি বুদ্ধের শৈশবে প্রয়াত হন, তথাপি মাতৃত্বের এই শূন্যতা বুদ্ধের মনস্তত্ত্বে জীবনের অনিত্যতা ও দুঃখের উপলব্ধিকে আরও তীব্র করে তোলে। মায়াদেবীর পর মহাপ্রজাপতি গৌতমী বুদ্ধকে লালন-পালন করেন এবং মাতৃত্বের পাশাপাশি সাহসী সামাজিক পরিবর্তনের প্রতীক হয়ে ওঠেন। বুদ্ধের নিকট ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠার জন্য তাঁর বারবার আবেদন শুধু ব্যক্তিগত অধিকার দাবি ছিল না, বরং তা ছিল নারীর আধ্যাত্মিক ও সামাজিক স্বীকৃতির সংগ্রাম। শেষ পর্যন্ত ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা বৌদ্ধ ধর্মে নারীর প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত করে, যা তৎকালীন সমাজে এক বিপ্লবাত্মক ঘটনা।
যশোধরা বুদ্ধের জীবনে নারীর মনস্তাত্ত্বিক শক্তি ও আত্মমর্যাদার অনন্য উদাহরণ। বুদ্ধের সংসার ত্যাগকে তিনি অভিযোগ বা বিদ্বেষ দিয়ে নয়, বরং ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে গ্রহণ করেন। একাকীভাবে পুত্র রাহুলকে লালন করা এবং পরে নিজেও বুদ্ধের শিষ্যা হয়ে অর্হৎত্ব লাভ করা প্রমাণ করে যে নারী কেবল ত্যাগের শিকার নন, বরং আত্মোন্নয়নের শক্তিশালী ধারক। যশোধরার জীবন আধুনিক নারীর জন্য এক মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা, যেখানে ব্যক্তিগত বেদনা আত্মবিকাশে রূপান্তরিত হতে পারে।
বুদ্ধের ধর্ম প্রচারে নারী শিষ্যাদের ভূমিকা তাঁর সাম্যবাদের বাস্তব প্রমাণ। খেমা ও উৎপলবন্না বুদ্ধের প্রধান নারী শিষ্যা হিসেবে জ্ঞান, ধ্যান ও প্রজ্ঞায় পুরুষ শিষ্যদের সমকক্ষ ছিলেন। পটাচারার জীবন গভীর দুঃখ থেকে প্রজ্ঞার পথে যাত্রার এক মানবিক কাহিনি, যা নারীর মানসিক দৃঢ়তা ও পুনর্জাগরণের ক্ষমতাকে তুলে ধরে। সুজাতা বুদ্ধকে বোধিলাভের পূর্বে আহার দান করে মধ্যম পন্থার প্রতীক হয়ে ওঠেন, যা নারীর করুণা ও বাস্তববোধের সামাজিক গুরুত্বকে নির্দেশ করে।
আধুনিক জীবনের প্রেক্ষাপটে বুদ্ধের নারীবিষয়ক দৃষ্টিভঙ্গি সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গভীরভাবে প্রাসঙ্গিক। সামাজিকভাবে তিনি নারীর মানবিক মর্যাদা ও সক্ষমতাকে স্বীকৃতি দিয়েছেন, যা আজকের লিঙ্গসমতার আন্দোলনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভিক্ষুণী সংঘ ছিল এক ধরনের অংশগ্রহণমূলক প্রতিষ্ঠান, যেখানে নারীরা সিদ্ধান্ত, শৃঙ্খলা ও নেতৃত্বে ভূমিকা পালন করতে পারতেন। সাংস্কৃতিকভাবে বুদ্ধ নারীর পবিত্রতা বা অপবিত্রতাকে শরীরের সঙ্গে নয়, বরং আচরণ ও চেতনার সঙ্গে যুক্ত করেছেন, যা নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়ক। মনস্তাত্ত্বিকভাবে তিনি নারীর দুঃখ, ভয় ও আকাঙ্ক্ষাকে গভীর সহমর্মিতার সঙ্গে বুঝেছেন এবং নির্বাণের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে লিঙ্গকে কোনো বাধা হিসেবে দেখেননি।
সার্বিকভাবে বলা যায়, গৌতম বুদ্ধের জীবনে যেসব নারী বিশেষ ভূমিকা পালন করেছেন, তাঁরা কেবল ঐতিহাসিক চরিত্র নন, বরং বুদ্ধের সাম্য, করুণা ও প্রজ্ঞাভিত্তিক দর্শনের জীবন্ত রূপ। তাঁদের সঙ্গে বুদ্ধের সম্পর্ক ছিল পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও আত্মিক বিকাশের সম্পর্ক। আধুনিক সমাজে যখন নারীর সামাজিক, রাজনৈতিক ও মানসিক মুক্তি এখনও একটি চলমান সংগ্রাম, তখন বুদ্ধের এই দৃষ্টিভঙ্গি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মুক্তি ও সমতা চেতনার পরিবর্তন থেকেই শুরু হয়, যেখানে নারী ও পুরুষ উভয়ই সমানভাবে মানবিক মর্যাদার অধিকারী।
৪. আধুনিক নারীবাদী দৃষ্টিভঙ্গি আলোকে বুদ্ধের নারীভাবনা:
গৌতম বুদ্ধের নারীভাবনা ও বৌদ্ধ নারীর সমাজতত্ত্বকে আধুনিক নারীবাদী ও পর্যবেক্ষণমূলক দৃষ্টিতে মূল্যায়ন করলে প্রথমেই যে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে, তা হলো—এটি কোনো পরকালনির্ভর নৈতিক বিধান বা ধর্মীয় করুণাবাদ নয়, বরং মানবজীবনের বাস্তব দুঃখ, ক্ষমতার সম্পর্ক ও সামাজিক কাঠামোকে প্রশ্ন করার এক যুক্তিনির্ভর দার্শনিক প্রয়াস। প্রাচীন ভারতীয় সমাজের পিতৃতান্ত্রিক বাস্তবতায় যেখানে নারীকে প্রধানত গৃহ, দেহ ও উৎপাদনের যন্ত্র হিসেবে দেখা হতো, সেখানে বুদ্ধ নারীকে চিন্তা, প্রজ্ঞা ও মুক্তির সক্ষম মানুষ হিসেবে কল্পনা করেছিলেন। এই কল্পনা কেবল নৈতিক আহ্বান নয়; তা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ভিক্ষুণী সংঘ, নারীশিষ্যদের স্বীকৃতি এবং নারীর অভিজ্ঞতাকে দর্শনের ভাষায় প্রকাশের মধ্য দিয়ে।
আধুনিক নারীবাদ আমাদের শিখিয়েছে যে সমতা কেবল আইনি বা আনুষ্ঠানিক ঘোষণায় প্রতিষ্ঠিত হয় না; তা নির্ভর করে অভিজ্ঞতার স্বীকৃতি, দেহের রাজনীতি, শ্রমের মূল্যায়ন এবং ভাষার ভেতর ক্ষমতার বিন্যাসের ওপর। এই দৃষ্টিকোণ থেকে বুদ্ধের ‘দুঃখ’ ধারণা বিশেষ তাৎপর্যপূর্ণ। দুঃখকে তিনি কোনো ঈশ্বরপ্রদত্ত শাস্তি হিসেবে দেখেননি; বরং সামাজিক, মানসিক ও জৈবিক কার্যকারণসূত্রে আবদ্ধ বাস্তবতা হিসেবে ব্যাখ্যা করেছেন। নারীর ক্ষেত্রে এই দুঃখের বিশেষ রূপ তিনি আলাদাভাবে চিহ্নিত করেছেন—পিতৃগৃহ ত্যাগ, ঋতুস্রাব, গর্ভধারণ, সন্তানপ্রসব ও পরিচর্যার দায়। আজকের নারীবাদী তত্ত্বে যাকে বলা হয় ‘জেন্ডারড এক্সপেরিয়েন্স’, তার এক প্রাচীন দার্শনিক স্বীকৃতি আমরা এখানে পাই। বুদ্ধ নারীজীবনের এই অভিজ্ঞতাকে নৈতিক দুর্বলতা হিসেবে নয়, বরং সামাজিক বাস্তবতা হিসেবে দেখেছেন—যা লাঘবযোগ্য, প্রশ্নযোগ্য এবং পরিবর্তনযোগ্য।
এই দৃষ্টিভঙ্গি বুদ্ধকে সমকালীন ধর্মীয় চিন্তা থেকে আলাদা করে। কারণ তিনি নারীকে ‘বিশেষ’ বা ‘পবিত্র’ করে তুলে ধরেননি, যেমনটি পিতৃতন্ত্র প্রায়ই করে থাকে। বরং নারীকে তিনি স্বাভাবিক মানুষ হিসেবেই দেখেছেন—যার দেহ আছে, শ্রম আছে, আকাঙ্ক্ষা আছে এবং সেই সঙ্গে মুক্তির অধিকারও আছে। আধুনিক নারীবাদ এই ‘ডি-সেন্টিমেন্টালাইজেশন’-কেই গুরুত্বপূর্ণ মনে করে, কারণ অতিরিক্ত মহিমান্বিতকরণও শেষ পর্যন্ত নারীর ওপর নিয়ন্ত্রণ আরোপের এক সূক্ষ্ম কৌশল। বুদ্ধের দর্শনে নারী করুণার পাত্র নয়; তিনি জ্ঞানচর্চার সক্রিয় অংশীদার।ভিক্ষুণী সংঘ প্রতিষ্ঠা এই দর্শনের সবচেয়ে দৃশ্যমান সামাজিক রূপ। একে কেবল ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে দেখলে তার বৈপ্লবিক তাৎপর্য আড়াল হয়ে যায়। এটি ছিল এক ধরনের বিকল্প সামাজিক পরিসর, যেখানে নারী পরিবার, স্বামী ও পিতৃতান্ত্রিক কর্তৃত্বের বাইরে এসে সম্মিলিতভাবে জীবনযাপন, সিদ্ধান্ত গ্রহণ ও আত্মশৃঙ্খলা চর্চার সুযোগ পেয়েছিলেন। আধুনিক নারীবাদ যাকে ‘স্পেস অব অটোনমি’ বলে, ভিক্ষুণী সংঘ সেই ধারণার এক প্রাচীন উদাহরণ। যদিও বিনয়পিটকে নারীদের জন্য অতিরিক্ত নিয়মের উল্লেখ পাওয়া যায়, আধুনিক ঐতিহাসিক বিশ্লেষণ আমাদের সতর্ক করে দেয়—এসব অংশের অনেকটাই পরবর্তী পিতৃতান্ত্রিক সংযোজন হতে পারে। এই বিতর্ক নিজেই দেখায় যে বুদ্ধের মৌলিক চিন্তা পরবর্তী সমাজে কতটা অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং ছিল।
থেরীগাথা এই নারীবাদী পাঠের কেন্দ্রে বিশেষ গুরুত্ব পায়। এখানে নারী নিজের ভাষায় নিজের অভিজ্ঞতা বলেছেন—কোনো পুরুষ মধ্যস্থতাকারী ছাড়াই। আধুনিক নারীবাদে ‘ভয়েস’ বা আত্মকথনের রাজনীতি যে এত গুরুত্বপূর্ণ, তার সঙ্গে থেরীগাথার এক গভীর নান্দনিক ও দার্শনিক সাযুজ্য আছে। পটাচারা, বিমলা, আম্রপালি বা সোমার কবিতায় আমরা দেখি, দুঃখ থেকে বোধির পথে যাত্রা কোনো অলৌকিক ঘটনা নয়; তা জীবনের অভিজ্ঞতার ভেতর দিয়েই ঘটে। দেহের অনিত্যতা, মাতৃত্বের যন্ত্রণা, সামাজিক অপমান—সবকিছুই এখানে জ্ঞানের উপাদান হয়ে ওঠে। এই রূপান্তর প্রক্রিয়াই বুদ্ধের নারীবিষয়ক দর্শনের নান্দনিক শক্তি।
নান্দনিকতার প্রশ্নটি এখানে গুরুত্বপূর্ণ, কারণ বুদ্ধের দর্শন কেবল তাত্ত্বিক নয়; তা জীবনানুভূতির এক বিশেষ সৌন্দর্যবোধ নির্মাণ করে। থেরীগাথার ভাষা সরল, সংযত, কিন্তু গভীর। এখানে অলংকারের বাহুল্য নেই, আছে অভিজ্ঞতার তীব্রতা। আধুনিক নারীবাদী সাহিত্যতত্ত্ব যেভাবে নারীর দৈনন্দিন জীবনকে শিল্পের কেন্দ্রে আনতে চায়, বৌদ্ধ নারীরা বহু আগেই সেই কাজটি করেছেন। এই নান্দনিকতা কোনো বিলাসিতা নয়; তা মুক্তিরই এক রূপ। কারণ ভাষার মাধ্যমে নিজের দুঃখকে বোঝা ও বলা—এটাই প্রথম মুক্তি।
বুদ্ধের জীবনে যেসব নারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাঁদের প্রত্যেকেই এই দর্শনের ভিন্ন ভিন্ন দিক উন্মোচন করেন। মহাপজাপতি গৌতমী নারীর প্রাতিষ্ঠানিক অধিকারের প্রতীক; যশোধরা আত্মমর্যাদা ও অন্তর্গত শক্তির দৃষ্টান্ত; সুজাতা বাস্তববোধ ও মধ্যমার্গের সামাজিক তাৎপর্যের স্মারক; খেমা ও উৎপলবন্না নারীর বৌদ্ধিক সক্ষমতার প্রমাণ। এরা কেউই একমাত্রিক চরিত্র নন। আধুনিক নারীবাদ যেমন ‘মাল্টিপল সাবজেক্টিভিটি’-র কথা বলে, বুদ্ধের নারীরা তেমনই বহুমাত্রিক।
তবে আধুনিক নারীবাদী মূল্যায়নে সমালোচনাও জরুরি। বুদ্ধ নিজে যতটা প্রগতিশীল ছিলেন, পরবর্তী বৌদ্ধ প্রতিষ্ঠানগুলো ততটা ছিল না। ধর্মীয় আচারবাদ, বুদ্ধের দেবীকরণ এবং সংঘের ভেতর ক্ষমতার কেন্দ্রীকরণ নারীর মুক্তির সম্ভাবনাকে সংকুচিত করেছে। এই অবক্ষয় দেখায় যে কোনো দর্শনই ইতিহাসের বাইরে দাঁড়িয়ে থাকে না; তা সমাজের ক্ষমতার দ্বন্দ্বে জড়িত হয়। আধুনিক নারীবাদ আমাদের শেখায়, তাই কোনো প্রাচীন দর্শনকে অন্ধভাবে মহিমান্বিত না করে তার ভেতরের মুক্তির বীজগুলোকে চিহ্নিত ও পুনরুদ্ধার করতে হয়।
এই পুনরুদ্ধারের কাজেই বুদ্ধের নারীভাবনা আজ বিশেষ প্রাসঙ্গিক। বর্তমান বিশ্বে যখন নারীর দেহ, শ্রম ও পরিচর্যার কাজ আবারও নতুনভাবে পণ্যায়িত ও নিয়ন্ত্রিত হচ্ছে, তখন বুদ্ধের দুঃখ-ব্যাখ্যা আমাদের মনে করিয়ে দেয়—এই দুঃখ ব্যক্তিগত ব্যর্থতা নয়, সামাজিক বাস্তবতা। এবং এই বাস্তবতা বদলানো সম্ভব, কারণ তা কোনো ঈশ্বরীয় বিধান নয়। বুদ্ধের মধ্যমার্গ আজকের নারীবাদী রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হতে পারে—চরম ভোগবাদ ও চরম আত্মত্যাগ, উভয়ের বাইরে গিয়ে একটি মানবিক, টেকসই পথের সন্ধানে।
সবশেষে বলা যায়, বুদ্ধের নারী ও বৌদ্ধ নারীর সমাজতত্ত্ব আধুনিক নারীবাদের সঙ্গে কোনো সরল সমীকরণে মেলে না, কিন্তু তাদের মধ্যে এক গভীর সংলাপ সম্ভব। এই সংলাপ আমাদের শেখায় যে মুক্তি কেবল ব্যক্তিগত নির্বাণ নয়; তা সামাজিক সম্পর্কের পুনর্গঠন। বুদ্ধ নারীকে সেই পুনর্গঠনের কেন্দ্রেই স্থাপন করেছিলেন—না দেবী হিসেবে, না দাসী হিসেবে, বরং চিন্তাশীল, অনুভূতিশীল ও স্বাধীন মানুষ হিসেবে। এই মানবিক কল্পনাই বুদ্ধের দর্শনের সবচেয়ে বড় নান্দনিক ও রাজনৈতিক অবদান, যা আজও আমাদের চিন্তাজগৎকে নাড়িয়ে দিতে সক্ষম।
মাসুদুল হক, কবি, প্রাবন্ধিক ও গবেষক
দিনাজপুর

