এখন সময়:রাত ২:১২- আজ: শুক্রবার-২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ২:১২- আজ: শুক্রবার
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী

 

মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে পরিণত হতে পারে। তাঁর রচনায় জেগে ওঠে ইতিহাসের নিঃশব্দ মানুষ, সমাজের প্রান্তে ঠেলে দেওয়া জীবনের অনুলিখিত কাহিনি। তিনি বিশ্বাস করতেন, কলম সত্যের পাশে দাঁড়ালে সেটিই সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ। তাঁর সাহিত্য তাই বাস্তবতার দলিল, মানুষের স্বপ্ন ও সংগ্রামের সাক্ষ্য। মানবিক প্রতিরোধের দর্শনে তিনি দেখিয়েছেন, প্রতিটি মানুষের ভেতরে প্রতিরোধের আগুন জ্বলতে থাকে, যদি সে নিজের মর্যাদা চিনে নিতে পারে। দ্রৌপদী, ধনি, চোট্টি মুণ্ডা বা হাজার চুরাশির মা প্রভৃতি চরিত্রগুলোর ভেতর দিয়ে তিনি প্রকাশ করেছেন অন্যায়ের মুখে নীরব সাহসের ভাষা। তাঁর কাছে প্রতিরোধ মানে আত্মমর্যাদার জাগরণ। ন্যায়ভিত্তিক সমতায় মহাশ্বেতা দেবী দেখিয়েছেন, সমাজের শ্রেণি, লিঙ্গ, বর্ণ—এসব বিভাজন মানুষের তৈরি। তাই মানুষের মুক্তিও মানুষের হাতেই নিহিত। তাঁর সাহিত্য শেখায়, ন্যায়ের বিমূর্ত ধারণা মানুষের তৈরি। যা মানুষের মর্যাদা প্রতিষ্ঠার পথ। এই বোধই তাঁকে সমাজদার্শনিক উচ্চতায় পৌঁছে দিয়েছে। তাঁর চিন্তা ও সৃষ্টিশীলতা পরস্পরের প্রতিবিম্ব— সাহিত্যে রূপ পেয়েছে, সাহিত্য আবার দর্শনের প্রাণশক্তি জুগিয়েছে। প্রতিটি রচনায় তিনি যেন ঘোষণা করেছেন: “মানুষের পক্ষে লেখা, সেটাই লেখকের সত্যিকার ধর্ম।” তাঁর শতবর্ষ উদযাপন স্মরণ নয়, জাগরণ—এক নবীন মানবিক অঙ্গীকার। যেখানে সাহিত্য হয়ে ওঠে প্রতিরোধের ভাষা, আর দর্শন শেখায়—অন্যায়ের মুখে নীরব থাকা মানেই মানবতার পরাজয়। তাঁর সাহিত্য যতটা আবেগপূর্ণ, ততটাই তা চিন্তাশীল ও বাস্তবমুখী। তাঁর কলমে যে মানবিক আহ্বান ও ন্যায়বোধের স্ফুরণ আমরা দেখি, তা তাঁর গভীর দার্শনিক ভাবনারই বহিঃপ্রকাশ। এই প্রবন্ধে মহাশ্বেতা দেবীর দর্শন, সাহিত্য ও সামাজিক সচেতনতার পারস্পরিক সম্পর্ক আলোচনার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব—কীভাবে একজন লেখকের ভাবনা সমাজ ও ইতিহাসের গতিপথে আলো ফেলে। মহাশ্বেতা দেবীর দর্শন মূলত মানবতাবাদ, ন্যায় ও প্রতিবাদের ওপর প্রতিষ্ঠিত। তাঁর সাহিত্যজীবনের প্রতিটি স্তরে তিনি মানুষকে কেন্দ্র করে ভাবেন—বিশেষত সেই মানুষদের, যাদের নাম ইতিহাসের পাতায় স্থান পায় না। প্রান্তিক, বঞ্চিত, শ্রমজীবী, নারী ও আদিবাসী—এই নীরব মানুষদের জীবনের কণ্ঠই হয়ে ওঠে তাঁর লেখার প্রাণ। তাঁর দর্শনের মূল বিশ্বাস ছিল—মানুষের মর্যাদাই সর্বোচ্চ সত্য। সাহিত্য তাঁর কাছে কেবল শিল্প বা নান্দনিক অনুশীলন ছিল না; এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে এক প্রকার প্রতিরোধ, বিবেকের পুনর্জাগরণ। অরণ্যের অধিকার, চোট্টি মুণ্ডা ও তার তীর, হাজার চুরাশির মা—এই রচনাগুলোয় মহাশ্বেতা দেবী মানবতার সবচেয়ে বিপন্ন ও নির্যাতিত মুখগুলো সামনে এনেছেন। তিনি দেখিয়েছেন, সভ্যতার অহংকারের পেছনে কীভাবে লুকিয়ে থাকে শোষণের আগুন, আর রাষ্ট্র ও সমাজ মিলে সেই আগুনকে পবিত্রতার আস্তরণে ঢেকে রাখে। তাঁর সাহিত্য সেই ঢাকনাটিই সরিয়ে দেয়—যেন পাঠক শোনে শব্দহীন আর্তনাদ, দেখে অদেখা ক্ষত। তাঁর ভাবনা রাজনৈতিক বা সামাজিকতা ছাড়িয়ে গভীরভাবে নৈতিক ও দার্শনিক। তিনি বিশ্বাস করতেন, ন্যায়বিচার ও সমতা রাষ্ট্রের দায়িত্ব হলেও, প্রতিটি মানুষের নৈতিক কর্তব্য রয়েছে। তাই তাঁর চরিত্ররা নীরব নয়—তারা প্রতিবাদ করে, প্রশ্ন তোলে, ভয় পায় না। দ্রৌপদী গল্পে দৌপদীর নগ্ন দেহ রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে পরিণত হয় প্রতিবাদের অস্ত্রে। এখানে নারী আর শরীরের প্রতীক হয়ে থাকে না। প্রতিবাদের ভাষা—যেখানে লজ্জা নয়, সাহসের দীপ্তি জ্বলে ওঠে। আবার হাজার চুরাশির মা উপন্যাসে এক মায়ের উপলব্ধি ব্যক্তিগত শোককে ছাড়িয়ে রাজনৈতিক প্রতিবাদে রূপ নেয়—“আমার ছেলের মৃত্যু শুধু আমার নয়, সমাজের ব্যর্থতার প্রমাণ।” এই সংলাপ মহাশ্বেতার দর্শনের অন্তর্নিহিত তত্ত্বকে প্রতিফলিত করে—ব্যক্তিগত বেদনা কখনোই ব্যক্তিগত    থাকে না, তা সামাজিক ন্যায়ের প্রশ্নে পরিণত হয়। উত্তর-ঔপনিবেশিক ভারতের পরিপ্রেক্ষিতে তিনি শোষণ ও বর্ণবৈষম্যের যে বাস্তব চিত্র এঁকেছেন, তা ইতিহাসের বিকল্প দলিল। তাঁর কলম দেখিয়েছে, শাসনব্যবস্থা ও ক্ষমতার কাঠামো কীভাবে “মানুষ” শব্দটির অর্থ বিকৃত করে ফেলে। অথচ তাঁর লেখায় মানুষ ফিরে পায় নিজের আসল পরিচয়—মাটির, শ্রমের, ঘামের, যন্ত্রণার এবং আশার। নাট্যধর্মী রচনাগুলোতেও এই দর্শন একইভাবে প্রতিফলিত। তাঁর সংলাপভিত্তিক গদ্যে শ্রমজীবী মানুষের কণ্ঠ যেন মঞ্চে উঠে আসে, মুখোমুখি করে দেয় সমাজের বিবেককে। তাঁর নাটকের চরিত্ররা প্রশ্ন তোলে—“ন্যায়বিচার কাদের জন্য?” “স্বাধীনতা কাকে বলে?”—এই প্রশ্নগুলো চরিত্রের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আমাদের সবার প্রশ্ন হয়ে ওঠে। মহাশ্বেতা দেবীর দৃষ্টিতে সাহিত্য মানে মানবিক দায়িত্ব। তিনি বিশ্বাস করতেন—“শিল্প যদি মানুষের পাশে না দাঁড়ায়, তবে তা নীরব পাথরের মতো।” তাই তাঁর সাহিত্য পঠনীয়, পথনির্দেশক। তাঁর সাহিত্যে তিনি শুধু প্রান্তিক মানুষের যন্ত্রণাকে বর্ণনা করেননি, তাকে দিয়েছেন ইতিহাসের মর্যাদা, সংগ্রামের সম্মান। তাঁর দর্শন আমাদের শেখায়— শোষণ নৈতিক নয়, মানবিকতাই সর্বোচ্চ ধর্ম। সত্যিকার সাহিত্য মানে অন্যায়ের মুখে উচ্চারণ করা শব্দ, যা কখনো নত হয় না। এইভাবে মহাশ্বেতা দেবীর সাহিত্য ও দর্শন মিলিত হয়ে গড়ে তোলে এক নৈতিক বিপ্লবের মানচিত্র, যা পাঠককে সহানুভূতিশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলে। তাঁর লেখায় মানবতা ধারণাকে বড় না করে—এটি সংগ্রামের শপথ হয়ে ওঠে। মহাশ্বেতা দেবীর দর্শনের এই মানবিক মর্মই তাঁর সাহিত্যের প্রাণশক্তি হয়ে উঠেছে। তাই তাঁর সাহিত্য ও দর্শন পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়, বরং একই আদর্শের দুই রূপ। যে দর্শন তাঁর চিন্তাকে আলোকিত করেছে, সেই দর্শনই তাঁর কলমে কাহিনির শরীরে রূপ নিয়েছে—দর্শন ও সাহিত্য যেন একে অপরের প্রতিবিম্ব। তাঁর দর্শন ছিল বীজ, সাহিত্য তার বৃক্ষ—যেখানে মানবতা, ন্যায় ও প্রতিবাদের ফুল একসঙ্গে ফোটে। যেখানে তত্ত্ব, সাহিত্য সেখানে তার জীবন্ত প্রকাশ। তাঁর সাহিত্য দর্শনের বাস্তব রূপায়ণ, যা পাঠককে সাহিত্যরসের সঙ্গে মানবতার গভীর অনুভবে মুগ্ধ করে। সাহিত্য: সাহিত্য মানুষকে আত্মসম্মান ও ন্যায়ের পথে দাঁড় করানোর শক্তি রাখে। নিপীড়িত ও প্রান্তিকদের কণ্ঠকে উপেক্ষা করা যায় না। মহাশ্বেতা দেবীর সাহিত্য বহুমাত্রিক এবং সমাজ-নির্ভর। তাঁর লেখায় মূলত উপন্যাস, ছোটগল্প ও নাটক অন্তর্ভুক্ত, যা প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম, আশা ও প্রতিরোধকে কেন্দ্র করে রচিত। তার সাহিত্য কেবল গল্প বা কল্পনার সীমায় আবদ্ধ থাকে না; এটি সমাজ-বাস্তবতার একটি শক্তিশালী দলিল, যা পাঠককে মানবিক ও নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করায়। তিনি প্রান্তিক মানুষের দুঃখ, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নারী ও আদিবাসী চরিত্রের নিপীড়ন এবং বৈষম্যের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন। মহাশ্বেতা দেবীর সাহিত্যিক দৃষ্টিভঙ্গি এমনভাবে তৈরি, যেখানে উপন্যাস, ছোটগল্প ও নাটক একে অপরের পরিপূরক হয়ে সমাজ ও মানবিক দর্শনের একটি সেতুবন্ধন তৈরি করে। তার চরিত্র ও সংলাপ শুধু কাহিনির অংশ না; এগুলো সামাজিক ন্যায়, মানবাধিকার এবং প্রান্তিক মানুষের কণ্ঠের প্রকাশ। এই সাহিত্য পাঠকের মনে বিনোদন ছাড়িয়ে বাস্তবতা ও নৈতিক শিক্ষা উন্মোচন করে। এ পর্যায়ে তাঁর উপন্যাস, ছোটগল্প ও নাটকের সেই দিকগুলো তুলে ধরবো।

হাজার চুরাশির মা তাঁর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, যেখানে মধ্যবিত্ত সমাজের ভেতরকার দ্বন্দ্ব, রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রীয় নিপীড়ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। মায়ের সংলাপ— “আমার ছেলের মৃত্যু শুধু আমার নয়, সমাজের ব্যর্থতার প্রমাণ।” —ব্যক্তিগত যন্ত্রণা কীভাবে সমাজের সম্মিলিত ব্যর্থতার প্রতীক হয়ে ওঠে তা দেখায়। চরিত্র এখানে গল্পকে অতিক্রম করে সমাজ-ইতিহাসের প্রতিনিধিত্ব করে। অরণ্যের অধিকার উপন্যাসে বীরসা মুণ্ডার নেতৃত্বে মুণ্ডা বিদ্রোহের ইতিহাস উঠে এসেছে। আদিবাসীদের বনভূমির অধিকার এবং বহিরাগত শোষণের বিরুদ্ধে তাদের লড়াই এখানে প্রধান বিষয়। বীরসা মুণ্ডার ভাষায়: “আমার অরণ্য মাকে কেউ যদি কেড়ে নিতে চায়, আমার সংস্কৃতিকে উপেক্ষা করে অন্য সংস্কৃতি চাপিয়ে দেয়, আমার ধর্মকে যদি কেউ অসভ্য বলে—তবে আমি বিদ্রোহ করবই।” এই সংলাপ প্রমাণ করে প্রাকৃতিক সম্পদের উপর আদিবাসীদের অধিকার কেবল অর্থনৈতিক নয়; বরং তাদের মর্যাদা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত।

দ্রৌপদী গল্পে নকশাল আন্দোলনের পটভূমিতে আদিবাসী নারী দোপদী রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। সেনানায়কের নির্দেশে কাপড় পরতে অস্বীকার করে তিনি বলেন—“কাপড় কি হবে, কাপড়? লেংটা করতে পারিস, কাপড় পরাবি কেমন করে? মরদ তু?” দ্রৌপদীর এই সংলাপ নিছক প্রতিবাদ নয়, এটি তার অস্তিত্ব ও মর্যাদার ঘোষণা। শোষিত নারী এখানে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়েও ভেঙে পড়ে না; বরং তার শরীরকেই প্রতিরোধের হাতিয়ার বানায়। কাপড় না পরার এই প্রত্যাখ্যান প্রতীকীভাবে পিতৃতান্ত্রিক ক্ষমতা ও রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে। সেনানায়ক তাকে লজ্জিত করতে চেয়েছিল, কিন্তু উল্টো সে নিজেই লজ্জিত ও ভীত হয়ে পড়ে। এভাবে মহাশ্বেতা দেখিয়েছেন—নিপীড়িত নারী শুধুই ভুক্তভোগী নয়, বরং শোষকের চোখে ভয় সঞ্চারকারী প্রতিবাদী শক্তি। এই দৃশ্য থেকে বোঝা যায়, মহাশ্বেতা দেবীর সাহিত্য নারীর আত্মমর্যাদাকে কেবল রক্ষার নয়, বরং অস্ত্র হিসেবে তুলে ধরে। এরপর মহাশ্বেতা দেবীর ভাষায়: “দ্রৌপদী দুই মর্দিত স্তনে সেনানায়ককে ঠেলতে থাকে এবং সেনানায়ক নিরস্ত্র টার্গেটের সামনে দাঁড়াতে ভয় পান, ভীষণ ভয়।” এই অংশে দেখা যায়, শারীরিকভাবে নিপীড়িত হলেও দ্রৌপদী মানসিকভাবে অটল। তার দেহ, যা সেনানায়ক ও রাষ্ট্র তাকে অপমান করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছিল, সেটিই মুহূর্তে পরিণত হয় প্রতিবাদের শক্তিতে। তিনি নিজের আঘাতপ্রাপ্ত স্তন দিয়ে সেনানায়ককে ঠেলতে থাকেন—এটি প্রতীকীভাবে দেখায়, নারী শরীরকে অবমাননার বস্তু নয়; বরং প্রতিরোধের শক্তি। এখানে ক্ষমতার ভারসাম্য উল্টে যায়—সেনানায়ক, যিনি ছিলেন অস্ত্রধারী ও ক্ষমতাবান, তিনি দাঁড়িয়ে যান “নিরস্ত্র টার্গেট” হিসেবে। এই ভয়ের প্রকাশ দেখায়, রাষ্ট্রীয় ক্ষমতা যত বড়ই হোক, মানুষের মর্যাদাবোধ ও প্রতিবাদী চেতনার সামনে তা টিকে থাকতে পারে না। মহাশ্বেতা দেবী এভাবেই দ্রৌপদীর শরীরকে এক রাজনৈতিক ভাষ্যে রূপান্তরিত করেছেন। নিপীড়িত নারী এখানে ইতিহাসের একেবারে নতুন ভূমিকায় হাজির হন— আত্মসম্মানকে অস্ত্র বানিয়ে অন্যায় ও ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানো যোদ্ধা। এই দুই দৃশ্যে কেবল শোষণের বর্ণনা নয়; বরং নিপীড়িত নারীর আত্মমর্যাদার এক সংগ্রামী ঘোষণা। এখানে দোপদী ভুক্তভোগী নন, তিনি শোষণের বিরুদ্ধে প্রতীকী বিদ্রোহ। এইভাবে দ্রৌপদী গল্পে দেহ, লজ্জা ও ক্ষমতার প্রচলিত ধারণাকে মহাশ্বেতা দেবী উল্টে দেন এবং নিপীড়িত নারীকে ইতিহাসের সক্রিয় প্রতিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। আমরা এই ধারাবাহিকতায় দেখি তাঁর নাট্যশিল্পকেও। মহাশ্বেতা দেবীর নাটক কেবল মঞ্চসজ্জা বা সংলাপের বিন্যাস নয়; জীবনের ভেতরের অভিজ্ঞতাকে দর্শকের সামনে উপস্থাপনের এক শক্তিশালী শিল্প হয়ে উঠেছে। তিনি দৃশ্যকে শুধু দৃশ্যমান করেননি, বরং তাকে প্রাণবন্ত ও প্রত্যক্ষ করে তুলেছেন, যাতে দর্শক বা শ্রোতা নিজের বাস্তবতার ভেতরে প্রবেশ করতে বাধ্য হন। তাঁর নাটকের চরিত্রগুলো এমন সংলাপ উচ্চারণ করে, যা দর্শককে জীবনের কঠিন বাঁকের সামনে দাঁড় করায় এবং প্রশ্ন জাগায়—মানবিকতা, ন্যায়বোধ ও সমাজের দায়িত্ব আসলে কোথায়? এখানেই যে নাট্যদর্শন স্পষ্ট হয়: নাটক কেবল বিনোদনের জন্য নয়, বরং জীবনের সত্য উন্মোচনের জন্য। মহাশ্বেতা বিশ্বাস করতেন, নাটক সামাজিক বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। তাঁর মঞ্চায়ন দর্শককে কেবল গল্প শোনায় না, বরং বাস্তব উপলব্ধি দেয়—যেন প্রতিটি দৃশ্য দর্শককে নিজের জীবন ও সমাজকে নতুন করে দেখতে বাধ্য করে। তাঁর নাটক দর্শককে শুধু নাটকের অংশীদার করে না, সমাজ-ইতিহাসের নৈতিক প্রশ্নে অংশগ্রহণকারী করে তোলে। যদিও মহাশ্বেতা দেবীর স্বতন্ত্র নাটক সংখ্যা সীমিত। তাঁর বহু রচনা নাটকে রূপান্তরিত হয়েছে। বিশেষ করে রুদালি—প্রথমে ছোটগল্প হিসেবে রচিত হলেও পরে নাটক ও চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে। নাটক হিসেবে রুদালি প্রান্তিক নারীর জীবনের তীব্র দুঃখ ও নিপীড়নের প্রতীক হয়ে ওঠে। এখানে “রুদালি” অর্থাৎ ভাড়াটে শোকপ্রকাশক নারীরা সমাজের দ্বিচারিতা ও পিতৃতান্ত্রিক কাঠামোর মুখোশ উন্মোচন করে। যারা নিজেদের জীবনে অবিরাম দুঃখ বহন করেও অন্যের জন্য শোক প্রকাশ করতে ভাড়া খাটে, তারা আসলে সমাজের অমানবিক ব্যবস্থার নগ্ন প্রতিচ্ছবি। নাটকীয় রূপে রুদালি কেবল প্রান্তিক নারীর দুঃখকে তুলে ধরে না, বরং প্রশ্ন তোলে—একজন নারীর কান্নার মূল্য কি কেবল ভাড়ার মাপেই নির্ধারিত হবে? এই নাটক দর্শককে সমাজের অন্যায় ক্ষমতা কাঠামোর সামনে দাঁড় করায়। এখানে দেখানো হয় নারীর সীমাবদ্ধতা ব্যক্তিগত দুঃখের নয়, সামাজিক অবিচার ও দমননীতির ফল। রুদালির চরিত্রগুলো মঞ্চে দাঁড়িয়ে নারীর বঞ্চনা ও মানবিক অসহায়তাকে তীব্রভাবে প্রকাশ করে। কিন্তু একইসঙ্গে এই নাটক দেখায়—নারীর কান্না নিছক দুর্বলতার প্রতীক না, তা পিতৃতান্ত্রিক সমাজের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদও। এভাবেই রুদালি নাট্যরূপে প্রান্তিক নারীর যন্ত্রণা ও প্রতিরোধকে দর্শকের কাছে সরাসরি পৌঁছে দেয়, যা মহাশ্বেতা দেবীর মানবিক ও সমাজচেতনার অনন্য প্রকাশ। মহাশ্বেতা দেবীর সাহিত্য বৈশিষ্ট্য হলো—ভাষা সরল, কিন্তু এর ভেতরে স্বাধীনতার আকাঙ্ক্ষা ও মর্যাদার দাবি স্পষ্ট। তাঁর সাহিত্য মানবিক দর্শন, ন্যায়বোধ এবং সমাজচেতনার সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত।

সমাজচেতনার প্রতিফলন: মহাশ্বেতা দেবীর প্রতিটি সাহিত্যকর্ম সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরেছে। তিনি দেখিয়েছেন, লিঙ্গ, বর্ণ বা সামাজিক অবস্থান মানুষের মর্যাদা নির্ধারণ করতে পারে না।নিপীড়িত নারী, আদিবাসী ও দরিদ্র চরিত্রের জীবন সংগ্রাম তাঁর রচনায় প্রধান উপজীব্য। ছোটগল্প দ্রৌপদীতে আদিবাসী নারী রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা গ্রহণ করেন। মানবিক মর্যাদা ও আত্মসম্মানের ঘোষণা এবং শারীরিক প্রতিরোধ ক্ষমতা রাষ্ট্রের ক্ষমতার আগের লড়াইকে চ্যালেঞ্জ করে। উপন্যাস হাজার চুরাশির মাতে ব্যক্তিগত দুঃখ সমাজের ব্যর্থতা ও নিপীড়নের প্রতীক। অরণ্যের অধিকার উপন্যাসে আদিবাসী মানুষের বনভূমির অধিকার ও বিদ্রোহের গল্প উঠে আসে। লেখক দেখিয়েছেন, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই ব্যক্তিগত সীমার বাইরে গিয়ে সামাজিক ন্যায়ের অংশ হয়। তার সংলাপ ও চরিত্র সমাজের অন্যায়কে স্পষ্টভাবে সামনে নিয়ে আসে। ছোটগল্প ও নাটকে শ্রমজীবী মানুষের দুঃখ, নির্যাতন ও সংগ্রামের বাস্তব চিত্র ফুটে ওঠে। তিনি সমাজে প্রাধান্যপ্রাপ্ত ক্ষমতার অসাম্য, দুর্নীতি ও দমননীতির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। নাটকের দৃশ্যগুলি সরল হলেও শক্তিশালী বার্তা বহন করে। রুদালি নাট্যরূপে প্রান্তিক নারী চরিত্রের যন্ত্রণার মাধ্যমে মানবিক সচেতনতা বৃদ্ধি পায়। তাঁর সাহিত্য মানুষের নৈতিক দায়িত্ব, সমতার চেতনা ও মানবাধিকারের প্রতি মনোযোগী করে। প্রান্তিক মানুষের সংগ্রাম ও আশা সমাজচেতনার মূল উপাদান। সংলাপ ও চরিত্রের মিল সমাজের বৈষম্য ও নিপীড়ন উন্মোচনের এক শক্তিশালী হাতিয়ার। মহাশ্বেতা দেবীর সাহিত্য সমাজের বাস্তবতা ও ন্যায়বিচারের আয়না। এভাবে তাঁর সাহিত্য সমাজচেতনার সঙ্গে মানবিক দৃষ্টিভঙ্গিকে একত্রিত করে।

পরিশেষে বলা যায়, প্রান্তিক মানুষের জীবন, সংগ্রাম ও আশা মহাশ্বেতা দেবীর সাহিত্যে প্রাঞ্জল ও জীবন্ত রূপ পেয়েছে। তাঁর উপন্যাস, গল্প ও নাটকে চরিত্র ও সংলাপ ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতীক হয়ে উঠেছে। শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে তিনি প্রতিটি রচনায় দৃঢ় অবস্থান নিয়েছেন। সমাজের বাস্তবচিত্র ও মানবিক দর্শনের সমন্বয় তাঁর সাহিত্যকে আলাদা মাত্রা দিয়েছে।

 

 

তিনি আমাদের শিখিয়েছেন মানুষকে মানুষ হিসেবে দেখতে—কোনো বিভাজন কল্পনা না করে। এই মৌলিক মানবিকতাই তাঁর সাহিত্যকে শক্তিশালী করেছে। তাঁর রচনায় ব্যক্তিগত দুঃখ কেবল ব্যক্তিগত থেকে যায়নি; তা সামাজিক ন্যায় প্রতিষ্ঠার আহ্বানে পরিণত হয়েছে। প্রতিটি চরিত্র পাঠককে মনে করিয়ে দেয়—মানবজীবনের মর্যাদা ও ন্যায়বিচার সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই সাহিত্যিক উত্তরাধিকার আগামী প্রজন্মের জন্যও শিক্ষণীয়। ছাত্র, পাঠক ও সমাজকর্মীরা তাঁর রচনায় খুঁজে পাবে মানবিক দায়িত্ব, ন্যায়বোধ ও সামাজিক সচেতনতার দিকনির্দেশনা। মহাশ্বেতা দেবীর সাহিত্য আমাদের শেখায়—সাহিত্য বিনোদনের গণ্ডি পেরিয়ে মানবিকতা ও ন্যায়বিচারের শক্তিশালী হাতিয়ার। তাঁর রচনার উত্তরাধিকার চিরকাল প্রাসঙ্গিক থাকবে, কারণ তাঁর সাহিত্য আমাদের মনে করিয়ে দেয়—মানবিকতা ও ন্যায়বিচারই জীবনের চূড়ান্ত অঙ্গীকার।

 

তথ্যসূত্র

মহাশ্বেতা দেবী ু বাংলা উইকিপিডিয়া। জীবনী, সাহিত্যকর্ম ও পুরস্কার।

বাংলা সাহিত্যে মহাশ্বেতা দেবী ু সাহিত্যকর্ম ও প্রভাব।

উপন্যাস: হাজার চুরাশির মা (১৯৭৪ সাল), অরণ্যের অধিকার (১৯৭৭ সাল)।

ছোটগল্প: দ্রৌপদী (১৯৭৮ সাল, ‘অগ্নিগর্ভা’ সংকলন)

নাট্যরূপ/ছোটগল্প: রুদালি (১৯৭৯ সাল, ‘নায়রেতে মেঘ’ সংকলন)

 

 

রওশন রুবী, কবি ও প্রাবন্ধিক

লক্ষ্মীপুর

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে