এখন সময়:রাত ২:১৩- আজ: শুক্রবার-২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

এখন সময়:রাত ২:১৩- আজ: শুক্রবার
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ-৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ-বসন্তকাল

রবীন্দ্রনাথের উপন্যাসে নারীসত্তার জাগরণ : মানবিক মুক্তি ও আত্মপরিচয়ের সন্ধান

শোয়েব নাঈম

 

নানাজাতীয় পার্শ্বপ্রতিক্রিয়ায় আবর্তিত হয় নারীর জন্মশাসিত বিধিলিপি। এই বিধিলিপি তাদেরকে একা করে রেখেছে মৌলিক বিষণ্নতায়। এই বিষণ্নতামুখীদের প্রতি শুভেচ্ছায় ঘনীভূত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করে গেছেন অমর কথাসাহিত্য। সেই কথাসাহিত্য পাঠ করলে অনুভূতির সংক্রমণে বিহ্বলিত হয় পাঠকের সংবেদন। এক চেতনালব্ধ আত্মসচেতনতার দীর্ঘ ও গভীর যাত্রাপথে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসসমূহে নারী চরিত্রের যে উপস্থিতি, তা কোনোভাবেই কাহিনির অলংকারমাত্র নয়, অথবা সামাজিক অববাহিকাসূত্রের স্মরণীয় উপজীব্য নয়। রবীন্দ্রনাথের সৃষ্ট নারী চরিত্রগুলি হচ্ছে রবীন্দ্র-চিন্তাজগতের কেন্দ্রস্থলে অবস্থানকারী নৈতিক, তাত্ত্বিক, দার্শনিক, ও মনস্তাত্ত্বিক অন্বেষণের সহগামী সত্তা। রবীন্দ্র-উপন্যাসের নারীচরিত্রেরা হচ্ছে— ছায়ার মুখোশ পরে সূর্যের পরিপ্রেক্ষিতে হেঁটে যায় সাহিত্যের গভীরে। ঊনবিংশ শতাব্দীর সামাজিক রূঢ়তা ও যে পিছুটান এবং বিংশ শতাব্দীর নবজাগরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ নারীসত্তাকে প্রত্যক্ষ করেছেন পরিবর্তনের এক সূক্ষ্ম অথচ অপ্রতিরোধ্য বাহক হিসেবে। এই পরিবর্তন উচ্চকণ্ঠ বিদ্রোহের নয়, বরং অন্তর্গত বোধ, আত্মোপলব্ধি ও নৈতিক সচেতনতার মাধ্যমে ধীরে ধীরে সমাজকে প্রশ্নবিদ্ধ করার মননের এক অনন্য প্রক্রিয়া। রবীন্দ্র-উপন্যাসের নারী চরিত্রেরা একদিকে যেমন সমাজনির্ধারিত নিয়তির সঙ্গে সংগ্রামরত, অন্যদিকে তেমনি নিজেদের ভেতরের স্বাধীন সত্তার সন্ধানে নিবিষ্ট। এই দ্বৈত অবস্থান, সমাজের কাঠামোর ভেতরে থেকেও এর সীমাবদ্ধতাকে অতিক্রম করার যে সহজাত আকাঙ্ক্ষা, তাই রবীন্দ্র-নারীর যুগোপযোগী হয়ে গড়ে উঠার মৌলিক লক্ষণ। তারা যেমন পুরুষতান্ত্রিক আদর্শকে অন্ধভাবে গ্রহণ করেনি, তেমনি আবার সরল ও তাৎক্ষণিকতার বোধে বিদ্রোহেও সংশ্লিষ্ট হয়নি। বরং তাদের নিটোল অবস্থানের ধারায় তা চিন্তাশীল, দ্বন্দ্বময় এবং নৈতিকতার আলোকে সংবেদনশীল। এই কারণেই রবীন্দ্রনাথের নারী চরিত্রগুলি সময়কে অনুধাবন করে যেভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিক্রিয়া তুলে ধরেছে, তাদের এসব ভাবনাজাত কথাগুলি একেকটি   মননশীল ইতিবৃত্তের নীতিপ্রণেতা কণ্ঠস্বর। উপন্যাসে রবীন্দ্রনাথের নারী চরিত্রদের মাধ্যমে উত্থাপিত প্রশ্নগুলি যেভাবে কাহিনির ভেতরে আলোচিত হয়েছে, সেসব জিজ্ঞাসাধর্মী কথাগুলি কেবল তাদের ব্যক্তিগত নয়, সেগুলি গভীরভাবে নৈতিক, দার্শনিক, সামাজিক ও মনস্তাত্ত্বিক। মানুষের সাথে পরিচয়, সম্পর্ক, আদর্শ কি নারীসত্তার আত্মপরিচয়কে সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করতে পারে? সামাজের নানাবিধ প্রথা কি ব্যক্তিসত্তার ওপর চূড়ান্ত কর্তৃত্ব দাবি করতে পারে? কিংবা নারীর অস্তিত্ব কি কেবল সম্পর্কের পরিসরের মধ্যেই সীমাবদ্ধ? এই প্রশ্নগুলিই রবীন্দ্র-নারীকে একবিংশ শতাব্দীতেও শুধু সাহিত্যে নয়, সামাজিক অনুধাবনে এখনও জীবন্ত ও প্রাসঙ্গিক করে রেখেছে। কারণ নানাজাতীয় অভিঘাতের মনস্তত্ত্বে এই প্রশ্নগুলি এখনও  প্রবলভাবে চিন্তাশ্রয়ী হয়ে প্রাসঙ্গিক হয়ে আছে। এখনও এই উপমহাদেশের নারীদের নিয়তি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রচণ্ডভাবে সাংঘর্ষিক।

 

রবীন্দ্রনাথের হাত ধরে বাংলা সাহিত্য পেয়েছে মহাপ্রাণ, যা জীবনবোধের গভীরতর উপকরণ এবং অবিস্মরণীয় কিছু নারী চরিত্রের শুভ উদ্ভাসন। রবীন্দ্রনাথের উপন্যাসে সৃজিত নারী চরিত্রগুলি তাদের জীবনের ছন্দভাগ্যে কোনো স্থির আদর্শের প্রতিরূপে প্রতিফলিত হয়নি। তারা প্রবহমান, পরিবর্তনশীল ও পরিপ্রেক্ষিত বিশ্লেষণে অভিন্নভাবে অভ্যস্ত। পুরুষতান্ত্রিক সমাজের প্রযত্নে নারীর অবস্থান, নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ, তার অতল অপমান, অধিকারে বঞ্চনা, চোখের দর্পণে বিষণ্নতা এবং সেইসঙ্গে তার নড়াচড়া করা প্রতিক্রিয়া, প্রতিবাদের কথকতা, আত্মপ্রতিষ্ঠার লড়াই, আত্মমর্যাদার পরিপ্রেক্ষিত ও আত্মসম্মান আহরণের বিচিত্র মিথস্ক্রিয়া প্রকাশিত হয়েছে রবীন্দ্রনাথের সৃজিত উপন্যাসে। ‘নৌকাডুবি’-র হেমনলিনী, ‘চোখের বালি’-র বিনোদিনী, ‘গোরা’-র সুচরিতা, ‘ঘরে-বাইরে’-র বিমলা, ‘চতুরঙ্গ’ উপন্যাসের দামিনী, ‘যোগাযোগ’-এর কুমুদিনী, ‘শেষের কবিতা’-র লাবণ্য— ভাবনাপ্রতিভায় এরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থানের সমসাময়িকতা, সমাজিকতা, সম্পর্কের মনস্তত্ত্ব ও রীতির সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। এই দ্বন্দ্বিক নির্দেশ তাদের দুর্বলতা নয়, বরং জটিল হয়ে ওঠা এসব আবর্তনশীল ভাবনা তাদের মানবিকতা ও আধুনিকতার রৌদ্রসখা। এরা প্রথাগত শৃঙ্খল ভেঙে ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও আধুনিক মননশীলতার অনুশীলনময় প্রতীকে ফুটে উঠেছে। এরা বাংলা কথাসাহিত্যে নারীজীবনের মনস্তত্ত্বপ্রধান শুশ্রূষার অদৃশ্যধারায় বিরাজিত। রবীন্দ্রনাথ নারীর এই দ্বন্দ্বময় সত্তাকেই উচ্চ সাহিত্যিক মর্যাদা দিয়েছেন, যা তাঁর সময়ের তুলনায় ছিল উজ্জ্বল এবং গভীরভাবে অগ্রগামী।

 

রবীন্দ্রনাথের উপন্যাসগুলি পাঠ করলে নারীসত্তার অপূর্ব জাগরণ উপলব্ধি করা যায়, যেখানে নারীর মানবিক মুক্তি এবং নারীর আত্মপরিচয়ের নিবিড় সন্ধানকে সম্বন্ধিত করে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৭৭ থেকে ১৯৩৪ সালের এই সৃজন পথরেখায় মোট চৌদ্দটি উল্লেখযোগ্য উপন্যাস রচনা করেছেন। যদিও ‘করুণা’ তাঁর প্রথম রচিত উপন্যাস, তথাপি ‘বৌ-ঠাকুরাণীর হাট’ প্রথম প্রকাশিত গ্রন্থ হিসেবে পাঠকের সামনে আসে। প্রকাশকাল অনুসারে তাঁর উপন্যাসগুলির ক্রমবিন্যাস করলে এর পরিসীমা হয় এভাবে— করুণা (১৮৭৭), বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), প্রজাপতির নির্বন্ধ (১৯০৮), গোরা (১৯১০), ঘরে-বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৪) এবং চার অধ্যায় (১৯৩৪)। এই দীর্ঘ সৃজনপর্বের নেপথ্যে রবীন্দ্রনাথ নারীর চরিত্রকে ক্রমাগত পুনণির্মাণ করেছেন— সময়ের প্রতিবিম্বিত দাবিতে, সমাজের সংকট অতিক্রমে এবং মানবমনের জটিলতার আলোকে। এসব নারীচরিত্ররা পাঠের আলোতে সম্প্রসারিত হতে হতে বোধের গভীরে জ্বালায় নিজ দীপ্তি। ফলে রবীন্দ্র-নারী কেবল তাঁর যুগকেই অতিক্রম করেননি, সময়ের ডানায় ভর করে একবিংশ শতককে এখনও তারা সমকালীন।

 

‘চোখের বালি’ উপন্যাসের বিনোদিনী

‘চোখের বালি’র (১৯০৩) বিনোদিনী বাংলা উপন্যাসে প্রথম পূর্ণাঙ্গ চেতনাসম্পন্ন বিধবা চরিত্র, যে নিজের স্বর্ণমুদ্রার মতো ঝলসে ওঠা যৌবন অনুভূতিকে অপরাধ মনে করে না, আবার ভ্রান্তি মহিমায় ভাঁজ করা সমাজের বুদ্ধিবৃত্তিক জড়তাকেও ক্ষমা করে না। সে হচ্ছে দৃশ্য আর অদৃশ্যের অনিবারণীয় ‘চোখের বালি’— যা চোখে পড়লে যন্ত্রণাদায়ক, কিন্তু চোখ ছাড়া অস্তিত্বহীন। বিনোদিনী জীবনের এই অনন্যবোধকে বিষণ্ন দৃষ্টিতে অনুধাবন করে। বিনোদিনী তাই রবীন্দ্রনাথের দারুণ জাগৃতির কোলাহলহীন নৈতিক সাহসের এক নিঃশব্দ দলিল, যেখানে নারীর আত্মসত্তা প্রথমবারের মতো সাহিত্যে নিজের ভাষা খুঁজে পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাসে বিনোদিনী কোনো একক চরিত্র নয়, সে একটি চলমান মানসিক অভিঘাত, সমাজ-নির্মিত বিধিবদ্ধ নারীত্বের বিরুদ্ধে এক সচেতন অথচ ক্ষতবিক্ষত আত্মসত্তা। বিনোদিনীকে বুঝতে হলে তাকে নীতিকথার ছাঁকনিতে নয়, বরং চেতনার ঘর্ষণভূমিতে স্থাপন করতে হয়। বিনোদিনী শিক্ষিতা, বুদ্ধিদীপ্ত, সৌন্দর্যসচেতন, কিন্তু তার সবচেয়ে প্রকট বৈশিষ্ট্য হলো নিজেকে জানার তৃষ্ণা। বিধবা-নারীর সামাজিক কাঠামোর ভেতরে সে কেবল ‘বেঁচে থাকা’কে মেনে নেয় না, সে চায় অনুভবের অধিকার, কামনার ভাষা, আত্মমর্যাদার ন্যায্যতা। এই চাওয়াটাই তাকে সমাজের চোখে অপরাধী করে তোলে। ফলে বিনোদিনী হয়ে ওঠে এক ধরনের নৈতিক উৎপাত, যা গৃহস্থালি শালীনতার স্তব্ধ জলকে আন্দোলিত করে। সে স্বপ্নের সীমানায় সময় মুছে মুছে এক অদৃশ্য বেদনাকে অনুভব করে।রবীন্দ্রনাথ বিনোদিনীর কামনাকে কখনোই কেবল ভোগবাদী দৃশ্যজীবন হিসেবে আঁকেননি। বরং তার কামনা হলো আত্মপরিচয়ের আকুতি— যা মর্মর পাতার মতো ধারণাতীত; একটি জীবনের পূর্ণতার দাবি— যা জাগরণে বিম্বিত হওয়ার মতো রহস্যভরা অনুকূল। মহেন্দ্রের সঙ্গে তার প্রলুব্ধ সম্পর্ক কোনো রোমান্টিক রোমাঞ্চ নয়, তা এক মানসিক প্রতিফলনে প্রতিশোধের নাট্যচর্চা। যেখানে বিনোদিনী নিজেকে প্রমাণ করতে চায়, সে অবাঞ্ছিত নয়, অযোগ্য নয়, অদৃশ্য নয়। মহেন্দ্রের দুর্বলতার কার্ণিশ বিনোদিনীর বুদ্ধিবৃত্তিক প্রখরতাকে আরও উন্মোচিত করে।এখানে পুরুষ চরিত্রটি শুধু বিদগ্ধ , আর নারী চরিত্রটিই চালক শক্তি। আশালতার সঙ্গে বিনোদিনীর সম্পর্ক উপন্যাসের সবচেয়ে সূক্ষ্ম মনস্তাত্ত্বিক স্তর। আশালতা নিষ্কলুষ, কিন্তু নির্বোধ নয়; বিনোদিনী কৌশলী, কিন্তু নিষ্ঠুর নয়। দুজনে যখন কাছে আসে দুজনেরই দুঃখগুলি টসটস হয়ে গড়িয়ে পড়ে। এই দ্বৈততা আসলে দুই ধরনের নারীত্বের সংঘর্ষ— একটি অনুশীলিত আনুগত্য, অন্যটি প্রশ্নাত্মক আত্মমর্যাদা। বিনোদিনী আশালতাকে আঘাত করে, কিন্তু সেই আঘাতের ভেতরেও থাকে এক ধরনের নারীজ বেদনাবোধ, যা তাকে একমাত্রিক খলনায়িকা হতে দেয় না।উপন্যাসের শেষে বিনোদিনীর সরে যাওয়া কোনো পরাজয় নয়, বরং তা এক ধরনের নৈতিক আত্মসংযম। যেখানে সে বুঝে ফেলে, এই সমাজে তার মুক্তি কামনার পূর্ণতায় নয়, বরং আত্মনির্বাসনের মধ্যেই সম্ভব। এই প্রত্যাবর্তন রবীন্দ্রীয় করুণাবোধের শিখর, যেখানে বিদ্রোহ দমে যায় না, কিন্তু ভাষা বদলায়।

এই প্রত্যাবর্তন কোনো আত্মসমর্পণের নীরবতা নয়, কিংবা সমাজের আরোপিত নীতির কাছে বিনোদিনীর পরাজয়ও নয়। বরং উপন্যাসে এই পরিস্থিতি হচ্ছে রবীন্দ্রনাথের করুণাবোধের সেই পরিণত স্তর, যেখানে বিদ্রোহ উচ্চৈ:স্বরে নিজেকে ঘোষণা করে না, কিন্তু অন্তর্গত প্রত্যয়ে আরও দৃঢ় হয়ে ওঠে। এখানে বিনোদিনী কামনার আকস্মিক উত্তাপে নয়, বরং গভীর আত্মবোধের আলোয় নিজের অবস্থান পুনর্বিবেচনা করে। সে বুঝে নেয়, যে সমাজ নারীর চেতনাকে অপরাধ হিসেবে পাঠ করে, তার ভেতরে দাঁড়িয়ে মুক্তির ভাষা উচ্চারণ মানেই নিজের অস্তিত্বকে ক্রমাগত ক্ষতবিক্ষত করা। এই আত্মনির্বাসন তাই পলায়ন নয়, এটি হচ্ছে এক সচেতন নৈতিক নির্বাচন। যেখানে বিনোদিনী নিজের বোধকে রক্ষা করতে গিয়ে সম্পর্ক, আকাঙ্ক্ষা ও সম্ভাবনার সংসার থেকে সরে আসে। রবীন্দ্রীয় করুণা এখানে করুণা হিসেবে উপস্থাপন হয়নি, এই দৃষ্টিভঙ্গি হচ্ছে মানবিক উপলব্ধির এক সূক্ষ্ম নৈতিক দৃষ্টি। যে নৈতিকতা জানান দেয় যে, সব বিদ্রোহের পরিণতি বাহ্যিক বিজয়ের মাধ্যমে হয় না, অনেক সময় অন্তর্গত সংযমের মনমানসিকতা দিয়েই এর শ্রেষ্ঠ রূপ পায়। বিদ্রোহ এখানে স্তব্ধ হয় না, সে কেবল শব্দের বদলে নীরব দৃঢ়তায় রূপান্তর হয়। এই বদলে যাওয়া ভাষার মধ্য দিয়েই বিনোদিনী রবীন্দ্রসাহিত্যে এক অনতিক্রম্য ট্র্যাজিক মহিমা অর্জন করেছে।যেখানে নারীর আত্মসত্তা পরাজিত নয়, বরং আরও গভীর ও অনড় হয়ে নিজের অস্তিত্বকে নিশ্চিত করেছে।

 

‘নৌকাডুবি’ উপন্যাসের হেমনলিনী

বাংলা উপন্যাসের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ শিক্ষিত নারীচরিত্র হিসেবে ‘নৌকাডুবি’র (১৯০৬) হেমনলিনী একটি তাৎপর্যপূর্ণ সংযোজন। রবীন্দ্রনাথ ঠাকুর এই চরিত্র  নির্মাণ করেছিলেন এমন এক সুষমায়, যেখানে ঊনবিংশ শতাব্দীর সমাজ-সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে উদীয়মান নবীন নারীমন ও শিক্ষার প্রভাব একত্রে প্রতিফলিত হয়েছে। হেমনলিনীর মধ্য দিয়ে রবীন্দ্রনাথ এক আধুনিক, মার্জিত ও ব্যক্তিত্বসম্পন্ন নারীর প্রতিচ্ছবি নির্মাণ করেছেন। যিনি আবেগে সংযমী, চিন্তায় স্বাধীন, এবং সম্পর্কবোধে গভীর মানবিকতার প্রতীক। তবে সাহিত্যিক বিশ্লেষণে দেখা যায়, রবীন্দ্রনাথের উপন্যাসসমূহের মধ্যে ‘নৌকাডুবি’ শৈল্পিক দিক থেকে তুলনামূলকভাবে দুর্বল এক কাহিনিসৃজন। উপন্যাসটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯০৬ সালের ২রা সেপ্টেম্বর, এবং এই সময়কালেই রবীন্দ্রনাথ ছিলেন তাঁর সৃষ্টিশক্তির মধ্যগগনে। তবুও এই উপন্যাসে কাহিনি-নির্মাণের দৃঢ়তা, চরিত্র বিকাশের মনস্তাত্ত্বিক সূক্ষ্মতা, কিংবা জীবনসমস্যার যুক্তিসঙ্গত বিশ্লেষণ— সবই কিছুটা অসম্পূর্ণ বলে প্রতীয়মান হয়। কাহিনির ঘটনাবিন্যাস অনেকাংশেই দৈবনির্ভর। আর লেখক জীবনের জটিল পরিণতি ও মানবচরিত্রের অভ্যন্তরীণ সংঘাতের ব্যাখ্যায় তেমন সার্থক হননি। ফলে আধুনিক পাঠকের আবেগ-প্রতিক্রিয়ায়ও এই উপন্যাস তেমন গভীর ছাপ ফেলতে পারে না। তবুও এটিকে নিছক ‘ঘটনা-প্রধান’ উপন্যাস বললে এর যথার্থ মূল্যায়ন হয় না। কারণ রবীন্দ্রনাথ এখানে কেবল ঘটনাপ্রবাহ নয়, বরং চরিত্রের মানস-উত্তরচক্র ও অন্তর্দ্বন্দ্বের সূক্ষ্ম সঞ্চালনও রূপায়িত করার চেষ্টা করেছেন। কাহিনীর আপাত নাটকীয়তার মধ্যে তিনি সংযোজন করেছেন এক নৈতিক তত্ত্ব। আর তা হচ্ছে— ভারতীয় হিন্দুনারীর কাছে ‘স্বামী’ ব্যক্তি নয়, বরং ‘স্বামী’ ধারণাটিই অধিকতর পবিত্র ও মর্যাদাস্পদ। এই ভাবধারা ‘নৌকাডুবি’র নৈতিক ও দার্শনিক ভিত্তিকে দৃঢ় করেছে, যদিও তা আধুনিক পাঠকের দৃষ্টিতে কিছুটা ঐতিহ্যপন্থী ও সীমাবদ্ধ মনে হতে পারে। তবে উপন্যাসটির সর্বাধিক দীপ্ত স্থান নিঃসন্দেহে হেমনলিনী চরিত্রে। তিনি স্থিরপ্রকৃতি, চিন্তাশীল, আত্মনিয়ন্ত্রিত প্রেমের এক অপূর্ব প্রতিচ্ছবি। তাঁর মাধুর্য বাহ্যিক নয়—এ এক অন্তর্লোক থেকে বিকিরিত মাধুর্য, যা হৃদয়ের নীরব দৃঢ়তায় পরিণত। হেমনলিনীর এই পরিমিত, আত্মস্থ প্রেমই পরবর্তীকালে রবীন্দ্রনাথের উপন্যাসে আরো পরিণত রূপে ফিরে এসেছে। ‘গোরা’র সুচরিতা এবং ‘শেষের কবিতা’র লাবণ্য যেন হেমনলিনীর পরিণত উত্তরসূরি। ‘নৌকাডুবি’ হয়তো রবীন্দ্র-উপন্যাসের পরম শিখর নয়, কিন্তু বাংলা সাহিত্যে নারীচেতনার এক নব অধ্যায়ের সূচনা ঘটিয়েছে। এখানে রবীন্দ্রনাথ নারীকে শুধু প্রেমের বিষয় হিসেবে নয়, বরং ভাবনা, সংযম ও আত্মমর্যাদার জটিল বোধে গঠিত এক মানবসত্তা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছেন। যে সত্তার সূচনা হেমনলিনীর মধ্য দিয়েই প্রথম পরিপূর্ণভাবে উদ্ভাসিত।

 

‘গোরা’ উপন্যাসের সুচরিতা

রবীন্দ্রনাথের ‘গোরা’ (১৯১০) উপন্যাসের যে বিশাল ক্যানভাস, সেখানে সুচরিতা হচ্ছে এমন এক চরিত্র, যিনি উচ্চকণ্ঠী নন, কিন্তু প্রশ্নকারিণী ; তিনি নৈতিক বুদ্ধির আধার, কিন্তু ভাবনায় এক বৃহত্তর মনের নির্ণায়ক। সুচরিতা প্রেমে নিবিষ্ট, কিন্তু প্রেমে নিবদ্ধ নন; তিনি স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্নের দ্বারা অধীন নন; তিনি ভালোবাসেন, কিন্তু ভালোবাসার ভেতরেই নিজেকে বিলীন করেন না। সুচরিতার স্বপ্নচারিতা কোনো আবেগঘন রোমান্টিক উড়ান নয়; তা এক নৈতিক কল্পনাশক্তি। তিনি এমন এক সমাজ কল্পনা করেন যেখানে মানুষ পরিচয়ের সংকীর্ণতা অতিক্রম করে। তার স্বপ্ন ব্যক্তিগত মিলনের নয়, বরং চেতনার মিলনের। সুচরিতা ব্রাহ্মসমাজের শিক্ষায় প্রভাবিত, অথচ তার অন্তর্গত প্রশ্নে সমাজেরই সীমা ভেঙে দেন। ‘গোরা’ উপন্যাসের আদর্শগত সংঘাত হচ্ছে—জাতীয়তাবাদ বনাম মানবতাবাদ, ধর্মীয় আচার বনাম আত্মা, জন্মপরিচয় বনাম চেতনা। যেখানে সুচরিতা এই উপন্যাসে হয়ে ওঠেন এক আলোকিত  মনোভাবগ্রস্ত স্বর এবং গভীর নৈতিক-দার্শনিক উৎকেন্দ্র। সুচরিতা কেবল ব্রাহ্মপরিবারের শিক্ষিতা কন্যা নন, তিনি স্বাধীন বিচারবোধের আধার। তার শিক্ষা কেবল তথ্যসংগ্রহ নয়, তিনি বোধের এক আত্ম-সচেতনতার পরিসর। গোরা যখন ধর্ম ও জাতীয়তা বিষয়ের আলোকে উত্তেজিত আদর্শে অটল, সুচরিতা তখন প্রশ্ন করেন—ধর্ম কি মানুষকে পৃথক করে, না মানুষকে বড়ো করে? এই প্রশ্নোন্মুখতা তাকে কেবল প্রগতিশীল নারী নয়, কিংবা বিংশ শতকের শুধু আধুনিক নয়, একবিংশ শতকেরও এক আত্মা করে তোলে। তিনি কোনো প্রতিষ্ঠিত মতের অনুগামিনী নন; তিনি মতকে আত্মস্থ করেন, কিন্তু মতের দ্বারা নিজেকে সংজ্ঞায়িত হতে দেন না। ব্রাহ্মসমাজের সংস্কারচেতনা হোক বা হিন্দুসমাজের ঐতিহ্যবোধ— কোনোটিই তার চূড়ান্ত আশ্রয় নয়। তিনি উভয়ের অন্তর্গত আলোক ও অন্ধকার বিচ্ছিন্ন করে দেখেন এবং সেই বিচ্ছেদের মধ্যেই নির্মাণ করেন তার এক স্বাধীন মানসিক ভূগোল।

আত্মসমর্পণ নয়, আত্ম-উন্মোচনের এই অনুক্রম  গোরা ও সুচরিতার মধ্যেকার যে সম্পর্ক তা বাংলা উপন্যাসে প্রেমের এক অনন্য রূপক। এখানে প্রেম কোনো রোমান্টিক উচ্ছ্বাস নয়; বরং চেতনার সংলাপ। গোরা যখন নিজের আদর্শে অবিচল, তখন সুচরিতা তাকে প্রশ্নের আয়নায় দাঁড় করান। প্রেম এখানে নারীর আত্মসমর্পণ নয়; বরং নারীর নৈতিক দৃঢ়তা। সুচরিতা গোরা-কে ভালোবাসেন, কিন্তু গোরা-র অন্ধ জাতীয়তাবাদকে নয়। এই বিভাজনই তাকে উচ্চতর করে— তিনি ব্যক্তি ও মতবাদকে পৃথক করতে জানেন। কাহিনির দৃষ্টিতে দেখা যায়, সুচরিতা প্রেমের মাধ্যমে গোরা-র আত্ম-উন্মোচনের অনুঘটক। গোরা যখন জানতে পারে তার জন্মপরিচয়ের বিপরীত সত্য, তখন যে মানসিক বিপর্যয়, তা সামলানোর নৈতিক আশ্রয় হয়ে ওঠেন সুচরিতা। অর্থাৎ, প্রেম এখানে মুক্তির পথ। উনিশ শতকের ঔপনিবেশিক বাংলায় নারীচরিত্র প্রায়শই দ্বিধাবিভক্ত— ঐতিহ্যের রক্ষক বা সংস্কারের বাহক। কিন্তু সুচরিতা হবরঃযবৎ/ হড়ৎ; তিনি এক অন্তর্লৌকিক বিপ্লব। তিনি প্রকাশ্যে সমাজভাঙা বক্তব্য দেন না, কিন্তু তার জীবনযাপন, তার সিদ্ধান্ত, তার বোধ—সবই এক প্রকার নীরব প্রতিবাদ। তিনি কেবল গৃহস্থালির পরিসরে আবদ্ধ নন; তার চিন্তার পরিধি সমাজ-রাষ্ট্র-ধর্ম স্পর্শ করে। এই দিক থেকে সুচরিতা আধুনিক নারীবাদের পূর্বাভাস। তিনি অধিকার দাবি করেন না উচ্চকণ্ঠে; বরং নিজের অস্তিত্বকে এমনভাবে প্রতিষ্ঠা করেন, যাতে সমাজ তাকে উপেক্ষা করতে পারে না।

গোরা উপন্যাসের কেন্দ্রীয় সংকট—জাতীয় পরিচয়। গোরা মনে করে, হিন্দুধর্মই ভারতের আত্মা। কিন্তু সুচরিতা তাকে শেখান, জাতীয়তা কোনো ধর্মীয় আবরণ নয়, মানবিক সহাবস্থানের বোধ। নতুন চিন্তার আলোকে বলা যায়, সুচরিতা উপন্যাসের “নৈতিক কম্পাস”—তিনি জাতীয়তাকে সংকীর্ণতা থেকে মুক্ত করে সর্বজনীনতার দিকে তুলে ধরেছেন। গোরা-র চূড়ান্ত আত্মোন্মোচনের মুহূর্তে, যখন সে বলে “আজ আমি ভারতবর্ষকে পেলুম”, তখন সেই উপলব্ধির অন্তরালে সুচরিতার প্রশ্ন ও প্রভাব সুস্পষ্ট। সুচরিতা উচ্চারণে নয়, নীরবতায় শক্তিশালী। এই উপন্যাসে তার সংলাপ কম, কিন্তু প্রতিটি কথা মর্মভেদী। রবীন্দ্রনাথ তাকে এমনভাবে নির্মাণ করেছেন, যাতে তিনি উপন্যাসের আবেগিক ভারসাম্য রক্ষা করেন। সুচরিতার কথাগুলির মধ্যে এক প্রকার দার্শনিক গভীরতা আছে। তিনি জানেন, সত্য উচ্চকণ্ঠে প্রতিষ্ঠিত হয় না; তা ধীরে, অন্তরে, সম্পর্কের মধ্যে প্রতিষ্ঠিত হয়। গোরা-র পরিসরে সুচরিতা কেবল কাহিনির নারী-উপস্থিতি নন; তিনি এক মানসিক বিবর্তনের নীরব কেন্দ্র। তিনি কোনো ব্যক্তিগত আবেগের প্রতিনিধি নন, বরং এক ক্রমবিকাশমান নৈতিক চেতনার দৃশ্যমান রূপ। তার সত্তায় রবীন্দ্রনাথ কল্পনা করেন এমন এক সমাজ-ভাবনা, যেখানে পরিচয়ের ভিত্তি রক্ত বা আচার নয়, আত্মসচেতনতা। যেখানে প্রেম কর্তৃত্বের ভাষা নয়, পারস্পরিক উন্মোচনের অভিজ্ঞতা এবং যেখানে নারী আনুগত্যের প্রতীক নয়, সমান অংশীদারিত্বের নির্মাতা।

 

‘চতুরঙ্গ’ উপন্যাসের দামিনী

রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ (১৯১৬) উপন্যাসে দামিনী কেবল একটি স্মরণীয় নারীচরিত্র নয়, সে একটি যুগান্তকারী সাহসের অলংকার। যিনি বিধবা নারীর ওপর চাপিয়ে দেওয়া সামাজিক অনুশাসন, ধর্মাশ্রিত পুরুষতান্ত্রিক কর্তৃত্ব এবং নৈতিক ভণ্ডামির ভিত নাড়িয়ে দিতে পেরেছেন। তৎকালীন সমাজে বিধবা মানেই আত্মসংযম, নীরবতা ও আত্মবিলোপ— এই পূর্বনির্ধারিত কাঠামোর বিরুদ্ধে দাঁড়িয়ে দামিনী আত্মপ্রত্যয়ী, স্পষ্টবাদী ও নির্ভীক এক নারীরূপে আত্মপ্রকাশ করে। তার এমন বিদ্রোহ আকস্মিক আবেগের ফল নয়। তা দীর্ঘদিনের অবদমন থেকে জন্ম নেওয়া সচেতন প্রতিবাদ। ‘দামিনী’ এই নামের অর্থ হচ্ছে বিদ্যুৎ। রবীন্দ্রনাথ ঠাকুর এই নামকে রূপান্তরিত করেন চরিত্রের অন্তর্গত শক্তিতে। সে যেন শ্রাবণের মেঘের ভেতরকার বিদ্যুৎ। বাইরে পুঞ্জ পুঞ্জ যৌবনের দীপ্তি, অন্তরে চঞ্চল আগুনের ঝিকমিক। এই দ্বৈত সত্তাই দামিনীকে করে তোলে একাধারে সৌন্দর্যময় ও বিপজ্জনক, কোমল ও তেজস্বী। তার আবেগ গভীর, প্রেম প্রগাঢ়, কিন্তু আত্মসম্মান প্রশ্নের মুখে পড়লে সে আপসহীন। দামিনীর প্রথম স্বামী ছিলেন লীলানন্দ স্বামী বা গুরুজীর এক শিষ্য, যিনি মৃত্যুর পূর্বে দামিনীর সমস্ত সম্পত্তি গুরুজির নামে লিখে দিয়ে যান। প্রথম স্বামীর  মৃত্যুর পর দামিনী সামাজিক ও অর্থনৈতিকভাবে নিঃসঙ্গ ও সহায়সম্বলহীন হয়েও বৈধব্যের প্রচলিত বিধি-নিষেধকে বিনা প্রশ্নে মেনে নেয় না। সে মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে চায়। কারণ তার কাছে নারী হওয়া মানেই আত্মত্যাগের আদর্শ হয়ে যাওয়া নয়। নিজের ইচ্ছা-অনিচ্ছা, আশা-আকাঙ্ক্ষা প্রকাশের অধিকার সে দৃঢ়ভাবে দাবি করে। এই মানবিক মর্যাদাবোধই তাকে সমাজের চোখে ‘অশোভন’, কিন্তু নৈতিক বিচারে গভীরভাবে সত্য করে তোলে।

গুরু লীলানন্দের আশ্রমিক কর্তৃত্ব এবং অন্ধ ভক্তির সংস্কারের বিরুদ্ধে দামিনীর অবস্থান বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। গুরুজির অন্যায় আবদার সে নির্ভীকভাবে প্রত্যাখ্যান করে, তাঁর জ্ঞানগত ও নৈতিক একচ্ছত্র আধিপত্যকে প্রশ্ন করে। আধুনিক বই পড়া নিয়ে গুরুজীর সঙ্গে তার বিতর্ক কেবল ব্যক্তিগত মতানৈক্য নয়, এটি নারী ও জ্ঞানের সম্পর্ককে ঘিরে এক মৌলিক সংঘাত। “আপনি বুঝিবেন কি করিয়া?”—এই উক্তির মধ্য দিয়ে দামিনী পুরুষ-নিয়ন্ত্রিত বৌদ্ধিক ক্ষমতার ভিতেই আঘাত হানে। শচীশের প্রতি দামিনীর আকর্ষণ ও প্রেমও আত্মবিলোপী নয়। সে শচীশকে দেবতা বা মুক্তিদাতা হিসেবে নয়, বরং এক নৈতিক আশ্রয় ও মানসিক সমকক্ষ হিসেবে পেতে চায়। কিন্তু শচীশ যখন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তখনও দামিনী ভেঙে পড়ে না। তার প্রেম প্রত্যাখ্যাত হলেও ব্যক্তিত্ব অটুট থাকে। এইখানেই তার আবেগগত জটিলতা প্রকাশ পায়। সে গভীরভাবে ভালোবাসে, কিন্তু ভালোবাসার বিনিময়ে নিজেকে বিসর্জন দেয় না। সবশেষে শ্রীবিলাসের সঙ্গে দামিনীর নতুন সংসার গড়ে ওঠে তার নিজের ইচ্ছায়, নিজের সিদ্ধান্তে। এটি কোনো সামাজিক আশ্রয়ের সন্ধান নয়, বরং স্বাধীন সত্তার সচেতন নির্বাচন। এই সম্পর্কেও দামিনী আপন মহিমায় অম্লান। স্বাধীনচেতা, আত্মমর্যাদাসম্পন্ন, আত্মসচেতন। ‘চতুরঙ্গ’ উপন্যাসে দামিনী রবীন্দ্রনাথের সাহিত্যভুবনে এক বিরল ব্যতিক্রম। বিধবা নারীর চরিত্রে যে ঔদ্ধত্য, আত্মপ্রত্যয় ও মানবিক সাহস তিনি সংস্থাপন করেছেন, তা তাঁর সমগ্র সাহিত্যকর্মেও দুর্লভ। দামিনী তাই কেবল একটি উপন্যাসিক চরিত্র নয়, দামিনী আধুনিক নারীমুক্তির এক তীব্র, দীপ্ত ও অগ্রদূতী এক স্বর।

 

‘ঘরে বাইরে’ উপন্যাসের বিমলা

রবীন্দ্র-উপন্যাসের নারী চরিত্রেরা— যখন একা, সাধারণ ; জেগে উঠলে অসাধারণ। তেমন ঘোর নিয়ে যখন রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ (১৯১৬) উপন্যাস পাঠ শেষ হয়, তখন কেবল পাঠকের একরাশ দীর্ঘ নিঃশ্বাস জমা হয় বইয়ের পাতায় পাতায়। ব্যঞ্জনা বিস্ময়-বিহ্বল বিমলা চরিত্রটি রবীন্দ্রনাথের ‘ঘরে বাইরে’ উপন্যাসে এক বহুমাত্রিক প্রতীক, যেখানে গৃহস্থালির আবদ্ধতা, জাতীয়তাবাদের উচ্ছ্বাস এবং ব্যক্তিসত্তার সন্ধান এক জটিল মনস্তাত্ত্বিক ও সম্পর্কনির্ভর পরিসরে সংঘটিত হয়েছে। বিমলার ভেতরে যে দ্বিধাবিভক্ত সত্তা প্রত্যক্ষ করা যায়, তা কেবল একজন নারীর ব্যক্তিগত সংকট নয়, মূলত ঔপনিবেশিক ভারতের সামাজিক ও  রাজনৈতিক রূপান্তরের এক প্রতীকী অভিব্যক্তি।

 

বিমলার চরিত্রের সূচনা ঘটে গৃহের সাংসারিক অভ্যন্তরীণ পরিসরে, যেখানে স্বামী নিখিলেশের আদর্শিক উদারতার ছত্রছায়ায় অবস্থান করলেও, তার আত্মসচেতনতা মূলত পুরুষতান্ত্রিক কাঠামোর দ্বারা নির্মিত। নিখিলেশ তাকে শিক্ষিত ও মুক্তচিন্তার পথে এগিয়ে নিতে চান, কিন্তু এই মুক্তি এক ধরনের সুসংস্কৃত অভিভাবকত্বের ভেতরেই সীমাবদ্ধ। ফলে বিমলার আত্মপরিচয় প্রথমদিকে স্বয়ংসম্পূর্ণ নয়, বরং তা এক পরোক্ষ নির্মাণ, যেখানে তার সত্তা পুরুষের দৃষ্টিকোণ থেকে স্বীকৃতি পায়। এই অবস্থার মধ্যেই সন্দীপের আবির্ভাব বিমলার চেতনায় এক আবেগময় ভূমিকম্প ঘটায়। সন্দীপের জাতীয়তাবাদ কেবল রাজনৈতিক মতাদর্শ নয়, তা এক ধরনের অলঙ্কারময় বাগ্মিতা, যা আবেগকে উত্তেজিত করে এবং আত্মপরিচয়ের এক মায়াময় প্রতিশ্রুতি দেয়। বিশ্বস্ততা যেভাবে মানবধর্মী, ঠিক সেইভাবে অস্তিত্বরা সঞ্চার করে আবেগ ও উৎকর্ষের উঞ্চতা। সন্দীপকে নিয়ে তার যে অন্তর্বোধ, তা বিমলা একান্তে নিজের অন্তর্দৃষ্টির গভীরে রেখে দিতে চেয়েছে নারীত্বের সম্মোহিত ছায়ায় ও কৃতজ্ঞতাবোধে। বিমলার কাছে সন্দীপের ভাষ্য এক নতুন জগতের আহ্বান, যেখানে নারী কেবল গৃহের অলংকার নয়, বরং জাতির প্রতীকী মাতৃরূপ। কিন্তু এই রূপান্তর প্রকৃতপক্ষে বিমলার স্বাতন্ত্র্যচেতনার বিকাশ ঘটায় না। বরং তাকে এক নতুন প্রতীকে পরিণত করে, যেখানে সে আবারও অন্যের আদর্শের বাহক হয়ে ওঠে। এখানে দূরনৈকট্যের ইশারাও এসেছে যা বদলে দেয় বিমলার রক্তের সূর্যোদয় রং। রবীন্দ্রনাথ ‘ঘরে বাইরে’ উপন্যাসে নারীর রাজনৈতিক আত্মপ্রকাশের যে সংকটচিত্র নির্মাণ করেছেন, তা অত্যন্ত সূক্ষ্ম। বিমলার জাগরণ মূলত আবেগনির্ভর এবং বহির্মুখী প্ররোচনার ফল। বিমলার জাতীয়তাবাদী উন্মাদনা যুক্তিনির্ভর নৈতিক উপলব্ধির পরিবর্তে এক ধরনের রোমান্টিক উচ্ছ্বাসে প্রতিষ্ঠিত। ফলে যখন সন্দীপের আদর্শের ভেতরের স্বার্থপরতা ও নৈতিক শূন্যতা উন্মোচিত হয়, তখন বিমলার চেতনায় এক অস্তিত্বগত ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙন কেবল ব্যক্তিগত অনুশোচনা নয়, এই উপলব্ধি  আবেগ-চালিত রাজনীতির অন্তর্নিহিত বিপদের এক দার্শনিক উন্মোচন। রবীন্দ্রনাথ বিমলার অভিজ্ঞতাকে ব্যবহার করে জাতীয়তাবাদকে এমন এক শক্তি হিসেবে নির্মাণ করেন, যা মুক্তির ভাষায় কথা বললেও অন্তর্গতভাবে দ্বন্দ্বময়। একদিকে এটি আত্মমর্যাদা ও স্বাতন্ত্র্যের বোধ জাগিয়ে তোলে, অন্যদিকে এটি ব্যক্তিসত্তাকে গোষ্ঠীগত আবেগের মধ্যে বিলীন করে দিতে পারে। বিমলা যখন জাতীয়তাবাদের আবেগে নিজেকে উৎসর্গ করতে চায়, তখন সে নিজের নৈতিক স্বাধীনতাকে বিসর্জন দেয়। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ দেখিয়েছেন, প্রকৃত স্বাধীনতা বাহ্যিক রাজনৈতিক মুক্তিতে সীমাবদ্ধ নয়; তা আত্মবোধ, নৈতিক স্বায়ত্তশাসন এবং অন্তর্গত সত্যের উপলব্ধির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আরও গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, বিমলা চরিত্রটি এক ধরনের সাংস্কৃতিক অন্তর্র্বতী অবস্থানের প্রতীক। সে একদিকে ঐতিহ্যগত নারীসত্তার ধারক, অন্যদিকে আধুনিকতার প্রলোভনে আকৃষ্ট এক সত্তা। এই দ্বৈত অবস্থান তাকে একটি ‘লিমিনাল’ চরিত্রে পরিণত করেছে, যেখানে সে স্থিতি ও পরিবর্তনের সীমারেখায় অবস্থান করে। বিমলার এই ‘লিমিনাল’ কথার অর্থ হচ্ছে মূলত— ভেতরও না, পুরো বাইরেও না, ঠিক মাঝখানে। অর্থাৎ কেন্দ্র ছেড়ে বেরোতে পারলেও বৃত্তের পরিধি অতিক্রম করতে পারেনি কখনও, কেবল বৃত্তের ছায়া পড়ে আছে বিমলার ওপর। তার সংকট মূলত এই সীমারেখা অতিক্রমের ব্যর্থ প্রয়াস, যা তাকে আত্মসমালোচনার দিকে ঠেলে দেয়। তার চারপাশের শূন্যতাকে অনুভব করা যায় স্নায়ুর বেদনা দিয়ে। রবীন্দ্রনাথের স্বতঃস্ফূর্ত যে শিল্পকৌশল তা এখানে প্রবৃদ্ধিতে আরও উল্লেখযোগ্য। তিনি বিমলার আত্মকথনকে এমনভাবে নির্মাণ করেছেন, যেখানে ভাষা কেবল বর্ণনার মাধ্যম নয়; বরং তা চেতনার গতিশীলতা ও মনস্তাত্ত্বিক বিবর্তনের প্রতিফলন। বিমলার ভাষায় আমরা প্রথমে এক অলঙ্কারময় আবেগের প্রবাহ দেখি, যা ক্রমে আত্মসমালোচনামূলক ও বিষণ্ন উপলব্ধির দিকে রূপান্তরিত হয়। এই ভাষাগত রূপান্তরই তার আত্মসচেতনতার বিকাশকে নান্দনিকভাবে প্রকাশ করে।

 

বিমলা চরিত্রটি রবীন্দ্রনাথের নারীনির্ভর রাজনৈতিক দার্শনিকতার এক গুরুত্বপূর্ণ অন্বেষণ। তিনি দেখাতে চেয়েছেন যে, নারীর মুক্তি কেবল সামাজিক বা রাজনৈতিক অংশগ্রহণে সীমাবদ্ধ নয়। বিষয়টি নারীর আত্মসত্তার গভীর উপলব্ধি এবং নৈতিক স্বাধীনতার মধ্য দিয়েই সম্ভব। বিমলার ব্যর্থতা তাই একান্ত ব্যক্তিগত নয়, এটি আবেগনির্ভর জাতীয়তাবাদের সীমাবদ্ধতা এবং আত্মপরিচয়ের সংকটের এক চিরন্তন রূপক হয়ে উপনিত হয়েছে এই উপন্যাসে।

 

‘যোগাযোগ’ উপন্যাসের কুমুদিনী

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যোগাযোগ’ (১৯২৯) উপন্যাসটি মূলত দুই ভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক পরিবারের মধ্যেকার সংঘর্ষে নির্মিত এক সূক্ষ্ম মনস্তাত্ত্বিক আখ্যান। অভিজাত কিন্তু অর্থনৈতিকভাবে পড়ন্ত চ্যাটার্জি পরিবারের কন্যা কুমুদিনী এবং নব্যধনী ঘোষাল পরিবারের প্রতিনিধি মধুসূদনের দাম্পত্য সম্পর্কের মধ্য দিয়েই উপন্যাসটি রুচিবোধ, আত্মসম্মান, সাংস্কৃতিক মানসিকতা ও ক্ষমতার দ্বন্দ্বকে উন্মোচিত করেছে। এই দাম্পত্যজীবন কেবল ব্যক্তিগত টানাপোড়েনের ক্ষেত্র নয়, এই উপন্যাসে প্রতিফলিত হয়েছে প্রায় একশত বছর আগের পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীর অসহায়তা ও অন্তর্গত দৃঢ়তার এক নিখুঁত শিল্পরূপ। কুমুদিনী চরিত্রে রবীন্দ্রনাথ কোনো সাধারণ নিপীড়িত গৃহবধূর প্রতিকৃতি তুলে ধরেননি। বর্ণময় ভাবমূর্তি নিয়ে ‘যোগাযোগ’ উপন্যাসে এক নির্বাসিত নিঃসঙ্গ মানুষ এই কুমুদিনী। তিনি এক গভীর নৈতিক সংবেদন, উচ্চ সাংস্কৃতিক রুচি ও আত্মমর্যাদাবোধে প্রতিষ্ঠিত এক নারীর প্রতীক, যার সংসার জীবনের  সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় অর্থকেন্দ্রিক আধিপত্য, পুরুষতান্ত্রিক ক্ষমতাবোধ এবং সামাজিক বলপ্রয়োগ। স্বামী মধুসূদনের কাছে অর্থ ও দাম্পত্য হচ্ছে এক প্রকার কর্তৃত্বের ভাষা। কিন্তু কুমুদিনীর কাছে সম্পর্ক মানে আত্মিক সাম্য, নৈতিক সংযম এবং পারস্পরিক শ্রদ্ধা। এই মৌলিক পার্থক্য থেকেই ‘যোগাযোগ’-এর ভাঙন সূচিত হয়। কুমুদিনীর চরিত্রের গভীরতা প্রথিত তার আপাতবিরোধী সত্তাগুলোর সহাবস্থানে। তিনি একদিকে সামাজিক বাস্তবতায় অসহায়, অন্যদিকে আত্মিক দৃঢ়তায় অটল; তিনি নীরব, কিন্তু সেই নীরবতাই হয়ে ওঠে প্রতিবাদের ভাষা; তিনি সামাজিকভাবে পরাজিত, অথচ নৈতিক ও সাংস্কৃতিক অর্থে স্বাধীন। তার আত্মসম্মান কোনো উচ্চকণ্ঠ বিদ্রোহে প্রকাশ পায় না, বরং তার ব্যক্তিত্বকে অক্ষত রেখে সহন ও প্রত্যাখ্যানের মধ্য দিয়ে নিজেকে সংরক্ষণ করাই তার প্রকৃত প্রতিরোধ। এইভাবে যোগাযোগ উপন্যাসে কুমুদিনী একটি বিস্তৃত, দ্বন্দ্বময় ও গভীরভাবে মানবিক চরিত্ররূপে বিকশিত হয়েছে। যেখানে ব্যক্তিগত জীবন, সামাজিক কাঠামো ও সাংস্কৃতিক মূল্যবোধ পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। রবীন্দ্রনাথ কুমুদিনীর মাধ্যমে দেখিয়েছেন, নারী-স্বাধীনতা সবসময় সামাজিক মুক্তির ভাষায় উচ্চারিত হয় না; অনেক সময় তা প্রকাশ পায় নৈতিক স্বাতন্ত্র্য ও অন্তর্গত দৃঢ়তার নীরব অথচ অচঞ্চল অবস্থানে। এই কারণেই কুমুদিনী যোগাযোগ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হয়েও কেবল একটি চরিত্র নন, তিনি এক যুগসন্ধিক্ষণের সাংস্কৃতিক ও নৈতিক সংকটের প্রতীক।

ভাইয়ের গৃহে কুমুদিনীর প্রত্যাবর্তন কোনো চূড়ান্ত মুক্তির অভিজ্ঞতা নয়; বরং তা এক প্রকার ভ্রান্ত স্বস্তি, যেখানে আশ্রয় আছে, কিন্তু মুক্তি নেই। এই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই স্পষ্ট হয়ে উঠেছে সমাজের সেই অদৃশ্য অথচ কঠোর শৃঙ্খল, যা নারীর জন্য নির্ধারিত পরিসরকে অতিক্রম করতে দেয় না। আত্মীয়তার আবেগ, সামাজিক শিষ্টাচার ও প্রচ্ছন্ন চাপ কুমুদিনীকে ধীরে ধীরে আবার মধুসূদনের সংসারের দিকেই ঠেলে দেয়, যেন বিকল্প কোনো পথ আদৌ তার জন্য সংরক্ষিত নয়। তবু এই ফিরে যাওয়া আত্মসমর্পণের নামান্তর নয়। কুমুদিনী ফিরে আসে এক গভীর আত্মসচেতনতা নিয়ে। এই উপলব্ধি নিয়ে যে, সে সামাজিক কাঠামোর বাইরে যেতে পারেনি, কিন্তু নিজের আত্মিক সত্তাকে বিসর্জনও দেয়নি। তার এই প্রত্যাবর্তন নৈতিক আত্মবিস্মৃতির ফল নয়, বরং বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আত্মমর্যাদাকে অক্ষুণ্ন রাখার এক নিঃশব্দ সিদ্ধান্ত। এখানেই রবীন্দ্রনাথের শিল্পীসত্তার সূক্ষ্মতা। তিনি কুমুদিনীকে সমাজের সীমা সম্পূর্ণ অতিক্রম করতে দেন না, কিন্তু সেই সমাজের মূল্যবোধকেও তার অন্তর্লোকে প্রতিষ্ঠা করতে দেন না। এই দ্বন্দ্বময় অবস্থানেই কুমুদিনী একাধারে পরাজিত ও স্বাধীন। বাহ্যিক বাস্তবতায় আবদ্ধ, অথচ অন্তর্গত নৈতিকতায় অবিচল। কুমুদ শব্দের অর্থ হচ্ছে এক প্রকার পদ্মফুল, যা সাধারণত রাত্রিতে প্রস্ফুটিত হয়। আর কুমুদিনী হচ্ছে সেই পদ্মফুলের স্ত্রীলিঙ্গ রূপ। এইভাবেই কুমুদিনীর সমাপ্তি এক ট্র্যাজিক নীরবতায় আবদ্ধ। সে আলোয় উদ্ভাসিত নায়িকা নয়, বরং অন্ধকারে প্রস্ফুটিত এক শ্বেতপদ্ম, আমর্ম বিষাদের পূর্ণে ফুটে থাকে। যার সৌন্দর্য প্রত্যক্ষ প্রশংসার অপেক্ষায় থাকে না। সংসারের উপেক্ষার মিনারেই তার পরিপূর্ণতা, তার মৌন মর্যাদা। রবীন্দ্রনাথ কুমুদিনীর এই নীরব প্রস্ফুটনের মধ্য দিয়েই দেখান, নারীর আত্মসম্মান সবসময় মুক্তির উচ্চারণে নয়, অনেক সময় তা উচ্চারণহীন দৃঢ়তায়, উপেক্ষার মিনারেও ফোটে অম্লান হয়ে থাকার শক্তিতে।

 

‘শেষের কবিতা’ উপন্যাসের লাবণ্য

রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’ (১৯২৯) উপন্যাস

মূলত এক বিয়োগফলের আখ্যান। যেখানে প্রেমের সমীকরণ মিলনের দ্বারা সমাধিত হয় না, বরং বিচ্ছেদের মধ্যেই এর চূড়ান্ত রূপ নির্ণীত হয়েছে। শিলং পাহাড়ের নীলাভ নির্জনতার মধ্যে দুটি মানবসত্তা—অমিত ও লাবণ্য—পরস্পরের সান্নিধ্যে আবদ্ধ হলেও তাদের সম্পর্ক ক্রমশ এক অনিবার্য দূরত্বের দিকে অগ্রসর হয়। প্রকৃতির বিস্তৃত প্রশান্তি এখানে যেন তাদের অন্তর্জগতের বিপরীত প্রতিবিম্ব: বাইরে মেঘের ধীর গতি, ভেতরে আত্মসচেতনতার তীব্র জাগরণ। বাংলা উপন্যাসে প্রেমের বিভিন্ন রূপ ভিন্ন ভিন্নভাবে প্রত্যক্ষ হলেও ‘শেষের কবিতা’ এই উপন্যাসে লাবণ্য সেই প্রেমের অন্তঃসারকে এক অভিনব আভ্যন্তরীণ মাত্রা দিয়েছেন, এই অনুরাগকে এক সূক্ষ্ম আত্মদর্শনের প্রাঙ্গণে স্থাপন করেছেন। তাই শিলং পাহাড়ের ভেতর সম্পর্কবন্দি অমিত ও লাবণ্য ক্রমাগত নিঃশ্বাস ছেড়েছে বিচ্ছেদের। লাবণ্য প্রেমকে আকাঙ্ক্ষার তীব্র আবেগে নয়, বিবেচনার নীরব আলোয় বিচার করেছেন। তিনি উপলব্ধি করেছেন, সম্পর্কের চূড়ান্ত সার্থকতা অধিকারে নয়, প্রগাঢ় মর্যাদাবোধে। তাই উপন্যাসে তাঁর এমন ত্যাগ আত্মঅস্বীকৃতি নয়; বরং আত্মমহিমার এক সুস্পষ্ট প্রতিষ্ঠা। লাবণ্য প্রথমেই পাঠকের সামনে উপস্থিত হন একজন শিক্ষিতা, সংযত, স্বনির্ভর নারী হিসেবে। কিন্তু তার প্রকৃত তাৎপর্য এই বাহ্য পরিচয়ে সীমিত নয়। তিনি প্রেমের ক্ষেত্রেও আত্মমর্যাদার সমান্তরাল অবস্থান দাবি করেন। অমিতের সঙ্গে তার সম্পর্ক কোনো আত্মবিসর্জনের কাহিনি নয়; বরং দুই স্বতন্ত্র সত্তার পারস্পরিক সম্মুখীনতা। এখানে নারী একজন পুরুষের অনুগামী নন, এখানে নারী সহযাত্রী এবং সেই সহযাত্রার শর্ত হল সমমর্যাদা।

লাবণ্যের আত্মপরিচয়ের অনুসন্ধান মূলত প্রেমের অভ্যন্তরেই সংঘটিত হয়েছে। প্রেম তার কাছে আকাঙ্ক্ষার পরিণতি নয়, আত্মবোধের এক পরীক্ষা। তিনি উপলব্ধি করেছেন, যে সম্পর্ক ব্যক্তিস্বাতন্ত্র্যকে আচ্ছন্ন করে, সে সম্পর্ক মুক্তির নয়, তা হচ্ছে  আবদ্ধতার। তাই তিনি মিলনের সম্ভাবনাকে ত্যাগ করে নিজের স্বাতন্ত্র্যকে অক্ষুণ্ন রেখেছেন। এই সিদ্ধান্ত কোনো আবেগপ্রসূত আত্মসংযম নয়; এটি হচ্ছে লাবণ্যের এক সুস্পষ্ট নৈতিক ও মানসিক অবস্থান। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নারীসত্তাকে কেবল সামাজিক পরিসরে নয়, অস্তিত্বের স্তরেও স্বাধীন করে তুলেছেন। লাবণ্য প্রেমকে প্রত্যাখ্যান করেন না; তিনি প্রেমকে উচ্চতর স্তরে স্থাপন করেছেন, যেখানে মানবিক মর্যাদা হচ্ছে সর্বাগ্রে। তার বিচ্ছেদ তাই বেদনাময় হলেও পরাজয় নয়; বরং তা আত্মমুক্তির উজ্জ্বল উদাহরণ। এইভাবে লাবণ্য চরিত্র রবীন্দ্রনাথের উপন্যাসে নারীজাগরণের এক সূক্ষ্ম রূপক। তিনি দেখিয়ে দেন, নারীর মুক্তি কেবল বাহ্য সামাজিক শৃঙ্খল ভাঙায় নয়। প্রকৃত মুক্তি প্রতিফলিত হয় আত্মপরিচয়ের দৃঢ় স্বীকৃতিতে। প্রেমের মধ্যে থেকেও তিনি নিজেকে ডুবিয়ে ফেলেন না, বরং নিজের আত্মপরিচয় ভেসে ওঠে সংযমের সচ্ছলতায়। ‘লাবণ্য’ চরিত্রটি এক মানবিক মুক্তিস্বরূপে উপস্থাপিত হয়েছে ‘শেষের কবিতা’ উপন্যাসে, যিনি প্রেমের অন্তরালেই আত্মসত্তার গুরুত্ব উপলব্ধি  করেন এবং সেই গুরুত্বকে রক্ষা করেই নিজের পথ নির্ধারণ করেন। তার মধ্যে রবীন্দ্রনাথ নারীমুক্তির যে আদর্শ রচনা করেছেন, তা আজও সমকালীন। কারণ তা বাহ্য বিদ্রোহের নয়, অন্তর্জাগতিক স্বাধীনতার মহিমান্বিত অনুভবে।

 

শোয়েব নাঈম, সাহিত্যকর্মী

চট্টগ্রাম

বিশ্ব নারী দিবসের পুনর্পাঠ : বহুমাত্রিক নারীর নতুন ভাষ্য

শাহেদ কায়েস   নারীর ইতিহাস কোনো একরৈখিক অগ্রযাত্রা নয়—তা বহু পথে বয়ে চলা নদীর মতো, যেখানে সংগ্রাম, প্রেম, প্রতিরোধ, রাজনীতি, শ্রম, মাতৃত্ব, শিল্প, দর্শন ও

আন্দরকিল্লার ইফতার অনুষ্ঠানে সুধীজনদের অভিমত বাঙালি জাতিসত্তা ও মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনার চিহ্নটিই অনির্বাণ অস্তিত্বের প্রতীক

আন্দরকিল্লা ডেক্স : শিল্প-সাহিত্য-সংস্কৃতি সমাজভাবনামূলক কাগজ ‘আন্দরকিল্লা’র ইফতার আয়োজনে সম্পাদক মুহম্মদ নুরুল আবসার তাঁর স্বাগত বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন যে, আন্দরকিল্লা কোনো বলয়বদ্ধ সীমানায়

প্রথা ভেঙে বেরিয়ে এসো নারী  

গৌতম কুমার রায় বিংশ শতাব্দী বিদায় হওয়ার পরে এসেছে একবিংশ শতাব্দী। বিজ্ঞান এগিয়েছে। সাথে পাল্লা দিয়ে এগিয়েছে পুরুষ। কিন্তু নারী ! শুধু পিছিয়েছে নারী। কেন

আদিবাসী নারী

কুমার প্রীতীশ বল   ‘হৈ হৈ হৈ জুমত  যেবং. জুমে যেইনে গচ্ছা সুদা তুলিবং. গচ্ছা সুদা তুলি নেই টেঙ্গা কামেবং।’ চাকমা এই গানটির বাংলা অনুবাদ

মহাশ্বেতা দেবী: দর্শন, সাহিত্য ও সমাজচেতনার প্রতিফলন

রওশন রুবী   মহাশ্বেতা দেবী উপমহাদেশের একজন শক্তিমান ও প্রখ্যাত লেখক। তাঁর শতবর্ষ আমাদের মনে করিয়ে দেয়—সাহিত্য শব্দের সীমা অতিক্রম করে মানবতার গভীর নৈতিক শক্তিতে