এখন সময়:রাত ৯:৪৫- আজ: শনিবার-৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

এখন সময়:রাত ৯:৪৫- আজ: শনিবার
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ-১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল

ওমর কায়সার এর গুচ্ছ কবিতা

জলে ভেসে ভেসে

 

আমি এই উদ্দেশ্যহীন মায়ার দিকে যেতে যেতে

যদি আর ফিরে না আসি

তবে জেনো

নির্জনতা পাথরের মতো চেপে ধরেছিল

আমি ও আমার গোধুলী বেলাকে।

 

হেমন্তের বনে বনে ঝরা পাতাদের

শান্ত বিছানায় কোনোদিন যদি পেয়ে যাও

অচেতন মুঠোফোন।

দেখে নিও

আমার স্ট্যাটাসে

শূন্যতার চিহ্ন ছাড়া আর কোনো বাক্য কোথাও ছিল না।

 

অনেক দেরিতে ফোটা আকাশের গায়ে যে তারাটি অকারণ বিষণ্নতা ছড়িয়েছে

আলোকবর্ষের দূরত্বে

তার আলো এখানে কান্নার মতো নেমে আসে

ভাষাহীন হাহাকার ছড়াতে ছড়াতে।

 

 

আন্তঃদেহ কলহবিবাদ

 

ডান চোখ

ঝরনার কলহাস্যে দেখে গানে ভাসা জুম

অন্য চোখ

জলের গভীরে দেখে পাথরের ঘুম।

 

এক চোখ

অরণ্যে কোথাও দেখে ব্যাকুল নিষাদ

বাম চোখে

গোধুলির অন্ধকারে হরিণী বিষাদ।

 

এক চোখ রাত্রি দেখে, অন্য চোখ চাঁদ

বাম যদি মায়া দেখে, ডান দেখে ফাঁদ।

 

বাম কানে

ভেসে আসে অশ্বক্ষুরধ্বনি

বাম কান

বাজায় দামামা শোনায় অশনি।

 

এ কদম

চলে যায় দূরে, অন্য তেপান্তরে

ও কদম

পড়ে থাকে একা শূন্য কোনো ঘরে।

 

এরকম আন্তঃদেহ কলহ-বিবাদে

নিঝুম আত্মার ঘরে কেউ যেন কাঁদে।

 

সমস্ত শরীর জুড়ে কটু বাক্য বিতর্কের ক্ষত

গৃহযুদ্ধে পুড়ে ছাই মানচিত্রের মতো।

 

 

 

কান্না জমায় তরুমূলে

 

ঠান্ডা লেগে ভালোবাসা

ভুগছে এখন নিমুনিয়ায়

আগুনে আর উষ্ণতা নাই

আগের মতো এই দুনিয়ায়।

 

কত কম্বল উজাড় হলো

লোম বাছানোর সব রটনায়

গল্পগুলো বাঁক নিয়েছে

দৈবদোষে  দুর্ঘটনায় ।

 

সব কথা তো রয়েই গেল

আসছে না আর উচ্চারণে

পথের বরফ গলায় গিয়ে

দিচ্ছে বাধা কোন্ কারণে।

 

কাউকে যেন নিঃস্ব করে

ঝরল পাতা শীতের ভুলে

শিশিরবোনা রাত্রি কেবল

কান্না জমায় তরুমূলে।

 

 

কেউ কি আসে?

 

কেউ কি আসে উড়িয়ে ধুলো

কাঁপিয়ে মাটি ছুটিয়ে ঘোড়া

দুপুর ঘেরা বারান্দাতে

মাখছে আদর পায়রা জোড়া।

 

ডাকছে শরীর বাকুম বাকুম

ঘুম পালালে রাত্রি নিঝুম

কাঁদছে শরীর হৃদয়সহ

কাঁপছে শরীর কী দুঃসহ

ছোবলছাড়া বিষ ছড়ালো

কোন্ সে অলীক চন্দ্রবোড়া।

 

কেউ কী ক্ষ্যাপা ভাঙছে কেবল

সীমারেখা জলেস্থলে

কেউ কি আসে ছড়িয়ে আগুন

বন হাহাকার দাবানলে

ভয় কিরে তার তপ্ত হাওয়ায়

কোন্ দুখিনীর কপাল পোড়া

বারান্দাতে মায়ায় মায়ায়

মাখছে আদর পায়রা জোড়া।

আলোকচিত্রশিল্পী রঘু রাই: ক্যামেরার ভেতর দিয়ে একাত্তরের রক্তাক্ত ইতিহাসের সাক্ষ্য

শাহেদ কায়েস বিশ্বখ্যাত ভারতীয় আলোকচিত্রশিল্পী রঘু রাই আর আমাদের মাঝে নেই। ৮৫ বছর বয়সে তিনি পাড়ি জমিয়েছেন অনন্তের পথে। কিন্তু তাঁর কাজ বেঁচে থাকবে আমাদের

লেখালেখি করে কয় টাকা পাও?

মাহফুজা অনন্যা   “লেখালেখি করে কয় টাকা পাও”? এরকম প্রশ্ন লেখক কবির জন্য নতুন নয়! সেদিন আমার এক শিক্ষিত বন্ধুও আমাকে একইভাবে প্রশ্ন করেছিল খুব

মায়ের কোলে শেষ আশ্রয়

প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু   ‘মা’ আমার — এক অবিরাম ভালোবাসার গল্প মা—এই ছোট্ট শব্দটির ভেতরে লুকিয়ে আছে এক বিশাল পৃথিবী, অফুরন্ত ভালোবাসা আর অসীম ত্যাগের গল্প।

প্রিমিয়ার ইউনিভার্সিটির দুই বিভাগে বৈশাখী উৎসব উদযাপিত

পাবলিক হেলথ বিভাগ: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী ও পিঠা উৎসব-১৪৩৩ অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল ২০২৬ বিকেল ৩টায়

লিমন- বৃষ্টি : পরকালের শান্তি যেন তোমাদেরকে আলিঙ্গন করে

সাইয়িদ মাহমুদ তসলিম বিশ্বের সব বিশ্ববিদ্যালয় একক হৃদস্পন্দন দিয়ে কান্না করেছে বাংলাদেশি মেধাবী দুই শিক্ষার্থীর জন্য । এ যেন এক বিরল ঘটনা । বিশ্বের এমন