এখন সময়:রাত ১১:২৩- আজ: সোমবার-২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

এখন সময়:রাত ১১:২৩- আজ: সোমবার
২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ-১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ-বর্ষাকাল

ওমর কায়সার এর গুচ্ছ কবিতা

ডানকিনে কফির পেয়ালায়

 

এই প্রশস্ত বিকেলের  আকাশে মুমূর্ষু রোগীর

মতো নিস্তব্ধ শুয়ে আছে মেঘ। আর তার চোখ

থেকে ঝরে পড়া জলে ভিজে গেছে ম্যাপলের পাতা।

 

একজন সোনালী সুন্দরী কিছু হাওয়া সঙ্গে নিয়ে

চুপচাপ ঢুকে পড়ে কফি হাউজের নিঃসঙ্গতায়।

তারপর ডুব দেয় ল্যাপটপে। কফি ঠান্ডা হয়ে

যাবে। একটি চুমুক দিতে সে ভুলে যাবে সর্বশেষ

চুমুটির মতো।

 

বিলম্বিত সন্ধ্যা এসে ঢেকে দেবে বেলমন্টের

পাহাড়। কাচে ঘেরা ডানকিন ডোনাট আরও

আর্দ্র ও নির্জন হবে। বৃষ্টি  ক্রমশ প্রবল হয়ে

আছড়ে পড়বে কাচের দেয়ালে।

 

আমি সেই ফিরে যাওয়া বৃষ্টির ফোটার পাশে

শ্রাবণের কান্না শুনে শুনে কফির পেয়ালায়

জীবনের উষ্ণতা মেপে নেব একবার।

 

 

সেতুর ওপর ট্রেন

(উৎসর্গ: আমজাদ আল মামুন)

 

এই যে দেখছ সুদীর্ঘ একরোখা ট্রেন

পেছনের সব কিছু ফেলে দৌড়াচ্ছে কেবল ।

যেতে যেতে

এখন সে মনভাঙা নদীর ওপর।

 

দেখ,

ইঞ্জিন পেরিয়ে গেছে

এখনো কিছু অংশ তার রয়ে গেছে সেতুর শরীরে –

ওইটাই স্মৃতি।

 

অবশেষে পুরো ট্রেন পার হয়ে যায় ।

 

দেখ

জোয়ারের জলে ভরা পরিপূর্ণ নদী

তার ওপর রেললাইন বুকে নিয়ে

প্রবাসীর হৃদয়ের মতো

একা পড়ে আছে সেতু –

 

এর নাম শূন্যতা

এর নাম হাহাকার।।

 

 

 

 

 

 

 

 

তবুও আকাশ নীল

 

মেঘের ভাঁজে একটি পাখি

তিনটি ডিমে দিচ্ছে ওম

তার পাশে এক উড়োজাহাজ

পেট ভর্তি হাজার বোম।

 

একটু দূরে চোখ রাঙিয়ে

উড়ছে দেখ মস্ত চিল

তবুও আকাশ নীল কেন রে

তবুও আকাশ ভীষণ নীল।

 

তার নিচে এক বাড়ি ছিল

এখন সেটা মৃত্যু কূপ

চোখ যেদিকে যাচ্ছে কেবল

দেখছি কেবল লাশের স্তূপ

 

যদি ফিরে আসি কোনোদিন

 

তাজিংডঙের শীর্ষে পতাকাটি

ওড়ে যেন চিরকাল অভ্যাসবশতঃ।

 

যদি ফিরে আসি কোনো দিন

অনন্ত নীলের পরবাস থেকে

কেবলই ক্রন্দনরত এই গ্রহে

যেন আমি বুঝে নিতে পারি

এক টুকরো কাপড়ের ভাঁজে

কীভাবে কেমন করে

রক্তের স্রোতের মতো সূর্যোদয় হয়।

 

আকাশগঙ্গার ওই পথরেখা ধরে

ফের যদি চলে আসি পৃথিবীতে

উড্ডীন পতাকা দেখে বুঝে নেব

ওখানে নদীর ধারে এখনো হয়তো আছে

আমাদের উত্তর পুরুষ।

 

বাতাসের প্রত্নকণা থেকে খুঁজে পাব সুর

প্রার্থনার জাতীয় সংগীত।

আবুল ফজল : বাঙালি মুসলমান সমাজের বিবেকের কণ্ঠস্বর

ইসরাইল খান বাংলার নবজাগরণের সার্থক উত্তর-সাধক মনস্বী আবুল ফজল ছিলেন বাঙালি মুসলমান সমাজের বিকাশের এবং বিবেকের এক অন্যতম প্রধান কারিগর। বিশ শতকে মুসলমান সমাজকে যতোগুলো

মেরিল্যান্ড ডিসি বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তসলিমা নাসরিন : যতদিন বেঁচে থাকি-  প্রগতিশীলের পক্ষে, ধর্মান্ধ মৌলবাদের বিপক্ষে আমার লেখা ও লড়াই চলবে

সাইয়িদ মাহমুদ তসলিম : নির্বাসিত লেখিকা ও  কবি তসলিমা নাসরিন বলেছেন, যতদিন বেঁচে থাকি , আমার লড়াই ও প্রতিবাদ থাকবে ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে। অসাম্প্রদায়িক প্রগতিশীল

‘কবিতার কথা’ চট্টগ্রাম আড্ডায় বক্তারা : ‘শুদ্ধতাই হোক কবিতার বুনিয়াদি রূপ’

রুহু রুহেল : ২৮ জুন ২০২৬ রবিবার সন্ধ্যায় অনাড়ম্বররূপে মুগ্ধতার কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হলো ‘কবিতার কথা চট্টগ্রাম আড্ডা’র ব্যানারে, মহিলা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালকের কার্যালয়ে।

বাংলা আমার প্রণোদনা পুরস্কার-২০২৬ পেলেন সংস্কৃতিকর্মী

চিংলামং চৌধুরী “শুদ্ধ সংস্কৃতি চর্চায় বিকশিত হউক নতুন প্রজন্ম” প্রতিপাদ্যে দিনব্যাপী বর্ণিল আয়োজনে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বাংলা আমার উৎসব-২০২৬।

শুদ্ধ সংগীতের সুরে মুখর সীতাকুণ্ড সুরনন্দনের ১ম বার্ষিক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

দেবাশীষ ভট্টাচার্য্য : সীতাকুণ্ডে শুদ্ধ সংগীতচর্চার এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সুরনন্দনের ১ম বার্ষিক শাস্ত্রীয় ও উপ-শাস্ত্রীয় সঙ্গীত সম্মিলন। গত ২ জুন ২০২৬