চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছেন, তুমুল ঝড়-ঝঞ্ঝায় সবুজ প্রান্তরে সকল বৃক্ষরাজি ধ্বংস হলেও কয়েকটি ডালপালা পড়ে থাকে। ঐ ডালপালাগুলোর মধ্য থেকে কোনো একটি ভাঙা ডালের মৃতপ্রায় কোষ সজীব হয়ে ওঠে সবুজ পত্র-পল্লব মেলে ধরে। আজকের প্রেক্ষিতে কবীর-লালন ভাবসঙ্গীত উৎসব আয়োজন সত্যিকার অর্থেই তৃষিত আত্মার সজীব-সবুজ আবাহনের সমার্থক।
গত ২৩ অক্টোবর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের মুক্তমঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় লালন বিশ্বসংঘ আয়োজিত কবীর-লালন ভাবসঙ্গীত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, সন্ত কবির ও লালন শাহ উপমহাদেশের আধ্যাত্মিক ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র; যাঁরা জাত-পাতের ঊর্ধ্বে উঠে মানুষের আসল পরিচয়কে উন্মোচন করেছেন। এই দুই মহামানবের কালিক দূরত্ব প্রায় পাঁচশ বছর হলেও মানবতার দর্শন প্রচারে তাদের মধ্যে অনন্য সাদৃশ্য রয়েছে। সাম্য, শান্তি ও সম্প্রীতির আকাঙ্ক্ষা পূরণে এই দর্শনের আলোকরেখা প্রজ্জ্বলন সময়োপযোগী ও প্রাসঙ্গিক।

এর আগে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বালন করে উৎসবের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশ খ্যাত বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম। তিনি বলেন, এই উৎসব সমসাময়িক প্রেক্ষাপট ও গুরুত্ব বিচারে অত্যন্ত তাৎপর্যবহুল। এ মহতী উৎসবের মাধ্যমে শুভ ভাবাদর্শের বার্তা সর্বত্র ছড়িয়ে পড়বে নিঃসন্দেহে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লোক গবেষক ড. শেখ সাদী বলেন, এই উপমহাদেশের মূলধারার ধর্ম চারটি হলেও বাহ্য আচার-আচরণিক ধারায় বিভক্ত আরো একাধিক ধর্মবিশ্বাস রয়েছে। ধর্মবিশ্বাস যা-ই হোক না কেন, মনুষ্যত্বের প্রশ্নে একটি একরৈখিক মাত্রা সুস্পষ্ট এবং প্রতিটি ক্ষেত্রেই পরম সত্তার বসবাস মানুষের অস্তিত্বের মূলে নিহিত রয়েছে। তিনি আরো বলেন, ঈশ্বরের অস্তিত্বটি কোথায় তারও প্রমাণিত সত্য থাকা জরুরি প্রশ্ন এবং প্রমাণিত সত্যটি হলো ঈশ্বরের অস্তিত্ব মানুষের মাঝেই। মানুষ আছে বলেই তো ঈশ্বর আছেন। এটাই একমাত্র প্রমাণিত সত্য।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে লালন বিশ্বসংঘের নির্বাহী পরিচালক আবদেল মাননান বলেন, কবীর-লালন ভাবসঙ্গীত উৎসব আয়োজন স্মরণে, মননে, শ্রদ্ধায় কৃতজ্ঞতায় দুই মহাজ্ঞানী মহাজনের শব্দ, সুর ও ভাবাদর্শের সাথে যোগ ঘটাবে আমাদের বর্তমানকে। এ অনুষ্ঠানে ভাবসঙ্গীত পরিবেশন করেন কবীর-লালন মিউজিশিয়ান মিশনের শিল্পীবৃন্দ। উল্লেখ্য, লালন বিশ্বসংঘ গত ১১ সেপ্টেম্বর থেকে ঢাকা, বরিশাল, খুলনা, শেরপুর, রাজশাহী, রংপুর, শিল্পকলা একাডেমি মিলনাতনে বিভাগীয় পর্যায়ে কবীর-লালন ভাবসঙ্গীত উৎসব আয়োজন করেছে। ৩০ অক্টোবর শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে এই উৎসবের সমাপনী আয়োজন সম্পন্ন হবে।




