ডানে শ্মশান বামে কবর
ডানে শ্মশান
বামে কবর রেখে সম্মুখে যে হেঁটে যান,
জানে কি সে
পিছনে তার ফেলে এসেছে
সমাধি ঘেরা কত স্বপ্নাপ্লুত আবেগ-মিশ্রিত স্থান?
পথ যদি সে না ভুলে মহাতীর্থ ভ্রমণে
পলাশের রঙ যদি ফিকে না হয় চৈত্রবীনে আশ্বিনে
রঙহীন আকাশ যদি নীল হয় বৈশাখ ধাওয়া ফাগুনে
বংশীদাস বা বিজয় গুপ্ত যদি লিখে রাখে ‘বেহুলা অভিসার’ মনসামঙ্গলে,
তবে ঠিক জেনে যাবো একদিন
পথের বাঁকে পথ কেন যিশু-ক্রুশে ‘রঙিন’ ?
ভুল আমারই
চারিদিকে হাহাকার
পাতায় পাতায় বিছানো কবরে
জাহেলিয়াত সন্ধ্যায় তবুও কে যে সুগন্ধী জ্বালায় (?)
জানি না,
মন স্থির করে রেখেছি
ঝরাপাতার মর্মরে
আমিও চলে যাব মগধের ধূসর ছায়ায়
যেখানে জীবনানন্দ দীর্ঘশ্বাসে হাহুতাশ করে বড়ু চণ্ডী অশরীরী কায়ায়,
ভুল আমার-ই
অসুর প্রেত পিশাচের দেশে
খুঁজতে এসেছি যীশুখ্রিস্ট বুদ্ধ
থরোথরো ভালোবাসায় যুডাস আখড়ায়!
সম্বুদ্ধ
যদি একবার ছুঁয়ে দাও
স্বরবর্ণে খোদাই হবে আবার মুছে যাওয়া বাংলার ইতিহাস,
যদিও ভুল মানুষে তোমাকে করেছে গ্রাস
তা বলে কি জননী বুকে ভুলেছে শিশু তার জন্ম ইতিহাস?
যদি একবার ছুঁয়ে দাও
মিহি বাতাসে অগ্নিকাণ্ড ঘটাবে হাওয়াই দ্বীপের ভিসুভিয়াস,
যদিও সম্বুদ্ধ সংযোগে আগেই পুড়েছে পৃথিবী বহুবার
তথাপি এই দাবানল অরণ্যে
আবার যদি ছুঁয়ে যাও যিশুকাষ্ঠ সমাচার
দপ করে জ্বলে উঠবে শতসূর্য্য পৃথিবী-ব্যাপী চক্রাকার!
অশ্লীল সভ্যতা
সত্য মিথ্যা জানি না
চোখ বন্ধ করলেই দেখি
অশ্লীল উৎসবে নেচেই চলছে শরাহত অপ্সরা,
চারিদিকে বেদ বেদান্ত দিয়ে ঘেরা
শিল্পের রতিধূপ যদিও আজ দেখি না
তবুও নিষ্প্রাণ সাধু-সন্ততি কেন যে বোধন চিনে না?
যদিও শখ ছিল বাজাবো এ্যাপোলো বীণা
সুরের মূর্ছনায় বুঁদ হয়ে থাকবে জিউস এথিনা,
তবুও কটাক্ষ আমার নাকি ‘তাঁর’? -বুঝি না
অশ্লীল সভ্যতায় এসে দেখি
অসুস্থ প্রতিযোগিতায়
সবাই এক একজন মীর জাফর আলী খাঁ!
জননী রক্ষার্থে অভিমন্যু হয়েছি
আমি-ই সেই যোদ্ধা প্রেমিক
অনিবার্য ধ্বংস জেনেও শত্রু শিবিরে অভিমন্যু হয়েছি,
মনে করো না
অর্থ বিত্তের প্রলোভনে ভুলে যাব জীর্ণ শীর্ণ জননী
উলুখাগড়া বিস্তৃত দেশে ভুলে যাব নুয়ে পড়া সন্ধ্যামালতী
মনে করো না
অর্কেস্ট্রার সুরে ভুলে যাব শাঁইশাঁই চাবুকের গোঙানি
মনে করো না
পিতৃ বিয়োগে ভুলে যাব যুদ্ধোত্তর দেশে প্রবঞ্চকের কাহিনি
ভুলে কি যাব?
অকৃতজ্ঞ দেশে
ন্যায্য হিস্যায় নিলাম ধরেছে আগত সব বেনিয়া জাতি,
মনে করো না
মদমত্ত চিৎকারে বাহান্ন থেকে একাত্তর ভুলেছি,
আসলে আমি-ই সেই অর্জুন-পুত্র
যে চক্রবুহ্য ভেদে জননী রক্ষার্থে ‘অভিমন্যু’ হয়েছি!




