এখন সময়:সকাল ৭:৫৯- আজ: মঙ্গলবার-১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ-শরৎকাল

এখন সময়:সকাল ৭:৫৯- আজ: মঙ্গলবার
১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ-৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ-শরৎকাল

ভানু পুরকায়স্থ-এর গুচ্ছ কবিতা

নিঃসীম দরিয়ার জলে

 

এখন গভীর রাত

তুমিও কি জেগে আছ সংঘমিত্রা !

তুমিও কি গভীর মনযোগ দিয়ে পড়ছ রাত্রির ভাষা

না কি তোমার প্রিয় –

ভিক্টর হুগো- লিও টলস্টয়ে লীন হয়ে আছ?

যদি তা না হয়

যদি অখন্ড অবসর নিয়ে ঘুমের অপেক্ষায় থাকো

তাহলে এই দুরতিক্রম্য রাত্রের তটস্থলে ঠেকে যাওয়া

অনাদি অনন্ত কালের নির্ঘুম আমাকে

একটু শুনাও-

ললিত রাগিণী ভরা গালিবের গহীন গজল

গোলাম আলী -মেহেদী হাসান

চৌরাশিয়ার বাঁশির মোহিত ইমন

অথবা বেহাগ টপ্পার আত্মা বিদীর্ণকরা খেয়াল ঠুমরী

কেনোনা

জীবনের অগণিত লাশের ভারে ভারাক্রান্ত আমি

ভাসতে ভাসতে প্রবহমান সময়ের স্রোতে

এখানে;

এই বন্ধুহীন পোড়া দেশের বাঁকে এসে ঠেকে গেছি

বেওয়ারিশ লাশ ;

 

তোমার সুরের সংস্রবে

থিতু এই লাশটাকে স্রোতমুখী করে দাও প্রিয়

সুরের স্রোতে ভেসে মিশে যেতে চাই

নিঃসীম দরিয়ার জলে…..

 

 

 

 

ভালোই করেছ তুমি

 

ভালোই করেছ তুমি

তা না হলে সাড়ম্বরে সাজতাম বরণ বাসর

ব্যানার ফেস্টুনে ভরে যেতো তাহলে

কাঙ্গালের ঘর

অন্তরের নগরে উড়তো বর্ণিল কেতন

উষর মরুর বুকে খেলে যেতো এক পশলা ঝড়

মনের আকাশে উড়তো পাপিয়া চাতক

ঝরা বন ভরে যেতো পল্লবে পল্লবে

বসতো প্রজাপতি নব কিশলয়ে;

 

ভালোই করেছ তুমি

 

তা না হলে আনন্দে ভরে যেতো কাঙ্গালের ঘর।

 

 

 

বুকে তার  বিদায়ের গান

 

আমার আকাশ ভরা গভীর গোধূলি

এখানে নিশ্চুপ হয়ে পড়ে আছে সব প্রতিবেশ

সুনসান নীরবতা নিথর সময়

এমন সন্ধ্যায় তুমি কী চাও বল্লরী !

তোমাকে দেবার সাধ যদিওবা আছে

তবুও তো বেলা নাই আঁধার আকাশে

মনের গহনে শুধু –

নিঃশব্দ ফল্গুধারা হয়ে ক্লান্তপ্রাণ

অসীমের অভিসারে ব্যস্ত মাতোয়ারা

বুকে তার বিদায়ের গান ;

ও বল্লরী, বুকে তার বিদায়ের গান।

 

 

শব্দই পরম তপঃ

 

অতোটা ঐশ্বর্য দিয়ে কী কাজ আমার

শব্দের ভিক্ষুক আমি শব্দ পেলে পরে

অপার আনন্দ নিয়ে ফিরি আপনায়

এরচে বৈভব আর দেখিনা কোথাও

জীবনের বিস্তীর্ণ প্রান্তরে।

যেদিন ছেড়েছি ঘর শব্দ সন্নিধানে

সেদিন হতেই আর ফিরিনিতো ঘরে

শব্দও দেয়নি যেতে অন্যকোনোখানে

সে আমার দ্রোণাচার্য

আমিও রয়েছি পড়ে একলব্য হয়ে

জীবনের নদীটার পারে ;

শব্দই পরম তপঃ

শব্দ পরাৎপর

শব্দের মাঝেই খুঁজি আমার ঈশ্বর।

 

 

কে তুমি এখানে

 

আমি তো কুড়াচ্ছি যত ঝরা ফুল দল

ভারাতুর বেদনার রাশি

বালু খুঁড়ে ফল্গুধারা জল

কে তুমি এখানে

অজস্র আনন্দ ভরা পৃথিবীকে ফেলে

আঁচলে কুড়াতে চাও –

বেদনার বিষে নীল স্খলিত পল্লব ;

তুমিও কি হারিয়েছ কোনো শুক পাখি

অসীম স্বপ্নতে আঁকা মানিক রতন

না হলে এখানে কেনো

উন্মাদ পাগল হয়ে খোঁজে খোঁজে ফেরো

অনুরূপ অবিকল আমার মতন।

বাংলাদেশের জন্ম ও বঙ্গবন্ধু: কিছু অনুমান, কিছু প্রশ্ন কিছু অনস্বীকার্য সত্য

আবু মকসুদ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বাংলাদেশ চাওয়া’ বা ‘স্বাধীনতা চাওয়া’ নিয়ে কখনোই কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু ইতিহাসকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার

মাহরাং বালুচ বেলুচিস্থানের শেখ মুজিব!

ফজলুল বারী   বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেত্রী ডা: মাহরাং বালুচ আজ বঙ্গবন্ধুর মতোই পাকিস্তানের কারাগারে বন্দিনী। মিথ্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হয়ে মানবেতর জীবন যাপন

গল্পটি রুনা আখতারকে নিয়ে

রুনা আখতার আমাদের কারখানায় অপারেটর থেকে সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছে। পদোন্নতি একটি নিয়মিত বিষয়— অনেকেরই হয়। কিন্তু রুনার গল্পটি আলাদা।   এই পদোন্নতি তাকে এতটাই

আন্দরকিল্লা : আলোকিত জীবনের রূপরেখা

ধীমান বড়ুয়া কুরিয়ার সার্ভিসের কর্মীদের আন্তরিকতায় আপনার নিয়মিত প্রকাশনাগুলো আমার হাতে পৌঁছে যায়, আর আমি প্রতিবারই নিজেকে একজন কৃতজ্ঞ ও মুগ্ধ পাঠক হিসেবে আবিষ্কার করি।

বিশ বছর পর বাংলায় ফিরছেন তসলিমা

রোখসানা ইয়াসমিন মণি সাহিত্যের ইতিহাসে বহু লেখকই সময়ের স্রোতে প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। কিন্তু কিছু মানুষ জন্মান কেবল লেখার জন্য। তসলিমা নাসরিন সেই ধারারই এক সাহসী