এখন সময়:সকাল ৮:৩৮- আজ: শনিবার-৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

এখন সময়:সকাল ৮:৩৮- আজ: শনিবার
৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ-২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ-শীতকাল

ছড়া : ফেব্রুয়ারি ২০২৪ সংখ্যা

চিঠি

সন্তোষ কুমার শীল

 

বৃষ্টি ভেজা আঁধার রাতে লিখছি তোমায় চিঠি

আলোর পাখি জোনাকিরা তাকায় মিটিমিটি

চিঠি পেয়ে ভালোবাসায় সিক্ত হবে তুমি

অঝোর ধারায় মনের মাঝে বাজবেরে ঝুমঝুমি।

 

আছো তুমি অনেক দূরে অচিনপুরের গাঁয়ে

নতুন করে ঘর সাজাতে হাঁটছো ডানে বাঁয়ে

জেনে শুনে তবু তোমায় লিখছি এমন সাঁঝে

ভালোবাসার অযুত স্মৃতি জাগছে  আমার মাঝে।

 

রিম ঝিমা ঝিম বৃষ্টি ঝরে সবুজ  আঙিনাতে

বেলকনিতে স্থির দাঁড়িয়ে আমি তোমার সাথে

সে-সব  স্মৃতি নতুন করে হৃদয় পটে ভাসে

চিঠি লেখার শব্দগুলো কলকলিয়ে আসে।

 

কোথায় আছি কেমন আছি রাখলে নাতো খোঁজই

ফুল বাগানের ফুলের  মেলায় দেখা পেতাম রোজই

ফুলগুলো আজ ঝরে পড়ে সূর্য যখন পাটে

অভিমানের বাক্যগুলো এখন  কি আর খাটে?

 

মাঝে মাঝে পত্র দিও খবর নিও ফাঁকে

রঙিন দিনের অতীতগুলো আজও আমায় ডাকে

চাইলে তো আর যায় না ফেরা ফেলে আসা পথে

 

স্মৃতির পাহাড় বুকে নিয়ে আছি  কোনো-মতে।

 

 

==========================

 

 

 

 

মায়ের ভাষা

অপু বড়ুয়া

 

মায়ের ভাষা আমার প্রাণের বুলি

কী করে এই মায়ের ভাষা ভুলি!

যত দূরে থাকি না যে দেশে-

মায়ের ভাষা হাওয়ায় আসে ভেসে।

 

মায়ের ভাষা বুকের ভেতর থাকে

‘খোকন’ বলে মা আমাকে ডাকে।

মায়ের ডাকে আকুল হয়ে উঠি

ব্যাকুল হয়ে মায়ের কাছে ছুটি।

 

মায়ের ভাষায় স্বপ্ন দেখি আমি

মায়ের ভাষায় পদ্য লেখি আমি।

মায়ের ভাষায় বাকুম বাকুম ছড়া

পাঠশালাতে আমার প্রথম পড়া।

 

পানি ছাড়া মাছ বাঁচে না যেমন

মাটি ছাড়া গাছ বাঁচে না তেমন।

তেমনি আমি মায়ের ভাষা মুখে

বাঁচতে শিখি দুঃখ এবং সুখে।

 

 

===================================

 

 

উফ্ শীত

রেজাউল করিম রোমেল

 

শীত শীত শীত

শীত শীত শীত,

শীতের এই ঠান্ডাতে

আসে না নিদ।

 

সকাল বেলার কুয়াশাতে

যায় না কিছু দেখা,

সন্ধ্যা হলেও কুয়াশাতে

কিছুই দেখা যায় না।

 

ভাপা পিঠা পুলি পিঠা

খেতে দারুণ মজা,

শীতের এমন পিঠা খেলে

মনটা থাকে তাজা।

 

উফ্ কি শীত

বাইরে যাওয়া যায় না,

লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়

বাইরে যেও না।

 

 

 

========================

 

 

 

ফলের কথা

সোমা মুৎসুদ্দী

 

আম ডেকে কয় শোনরে কলা

আমি ফলের রাজা

আমায় খেতে লাগবে ভালো

পাকা এবং তাজা।

বলছে কলা শোনরে আম

আমিও অনেক দামি

কম খরচে পুষ্টি গুণের

ফলটি হলাম আমি।

 

কাঁঠাল এবার চেঁচিয়ে বলে

সবাই আমার রসে

মিষ্টি স্বাদের আমায় খেলে

থাকবে সবাই বশে।

 

জাম জামরুল আপেল আতা

কমলালেবু ডাব

বলছে সবাই নিতেই পারি

আমরাও খুব ভাব।

 

কামরাঙা বেল আনারস আর

জাম্বুরা তাল লিচু

ওরাও এবার বলছে শোন

থাকব না আর পিছু।

 

পুষ্টিগুণে সব ফলেরই

আছে অনেক দাম

তারই সাথে যোগ হলো ভাই

আঙ্গুর ফলের নাম।

 

 

=========================

 

সুন্দরবন

মুহাম্মদ আলম জাহাঙ্গীর

 

সবুজ শ্যামল লতা-পাতায়

নিঝুম পরিবেশে,

জোয়ার ভাটায় রয় সুন্দরবন

যায় না স্রোতে ভেসে।

কেওড়া পশুর খলসে গড়ান

সুন্দরী গাছ বাইন,

বনের হেঁতাল গোলপাতা ঝাউ

দেখতে লাগে ফাইন।

জোয়ার ভাটার সুন্দরবনে

যেথায় দেখি ঘুরে,

গাছের ডালে পাখি ডাকে

কিচিরমিচির সুরে।

বক মদনটাক শঙ্খচিল হাঁস

হাজার পাখির মেলা,

লাল সবুজ নীল প্রজাপতি

যায় দেখে যায় বেলা।

শেয়াল বেজি বানর হরিণ

আছে কোবরা টাইগার,

শূকর ভোদর কাছিম কুমির

ডলফিন সেথায় পাইআর।

মৌমাছি আর বোলতা ভোমর

আছে হাজার কোটি,

মৌচাক কাটে মৌয়াল বনে

ভরে থালা ঘোটি।

নদী খালে যায় পাওয়া যায়

ভেটকি ইলিশ বেলে,

চিংড়ি পোয়া টেংরা আরো

দাতিনা কই মেলে।

চির সবুজ ম্যানগ্রোভ বনে

আমরা ভ্রমণ কালে,

ফেলবো না ভাই বর্জ্য কোনো

ডাঙা নদী খালে।

করবো না এই বনের ক্ষতি

সবাই করি পণ,

আমার দেশের জাতীয় সম্পদ

এই যে সুন্দরবন।

 

 

 

 

 

 

=========================================

 

 

 

 

 

 

মায়ের ভাষা বাংলা

সুচিত্রা ভট্টাচার্য

 

যখন দেখি সবুজ মাঠে

সোনালি ধানের হাসি,

বটের ছায়ায় মধুর সুরে

রাখাল বাজায় বাঁশি।

 

মন পবনের নাওটি তখন

বাংলায় ছবি আঁকে,

ভাটিয়ালি গেয়ে মাঝি

চলে নদীর বাঁকে বাঁকে।

 

এই ভাষাকে ভালোবেসে

রফিক, সালাম দিল প্রাণ,

বাংলাকে যে চিনলো সবাই।

রাখলো মায়ের মান।

 

মায়ের ভাষা বাংলা শিখি

মুখের বোল ফুটতে,

কেউ কখনো পারেনি যে

বীর বাঙালিকে রুখতে।

 

যতই শিখি ইংরেজি আর

ফোটাই কথার খই,

বাংলা আমার মায়ের ভাষা

বাংলাতেই মনের কথা কই।

 

মুসলিম সম্পাদিত ও প্রকাশিত সাহিত্য পত্রিকা মুসলিম সাহিত্য সমাজের মুখপত্র : শিখা

ইসরাইল খান ভূমিকা: উনিশ শতকের রেনেসাঁস হিন্দুসমাজেই বদ্ধ ছিল। ওর মর্মবাণী সমাজঅভ্যন্তরে প্রবাহিত করেছিলো যেসকল সাময়িকপত্র তা ছিল হিন্দুসমাজপতিগণের। মুসলিম- পত্রপত্রিকার উদাহরণ কেবলই পার্শ্বপ্রতিক্রিয়া। উল্লেখ

নাটোরের সাহিত্য সম্মেলনে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক ২০২৫ প্রদান ও গুণীজন সংবর্ধনা

\ আন্দরকিল্লা ডেক্স \ নাটোর ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক জাকির তালুকদার হাজেরা ফাউন্ডেশন সাহিত্য সম্মেলন শুভ উদ্বোধন করেন। সম্মেলনে প্রতি

আন্দরকিল্লা’র উদ্যোগে তিন কবির জন্মদিন উদযাপন

মন ও প্রাণের অনাবিল আনন্দ আমেজে শীতার্ত সন্ধ্যেয় হৃদয়ের উষ্ণতায় উচ্ছল উচ্ছ্বাসে আন্দরকিল্লার ২৮ বছর পদার্পণ, ইংরেজি নববর্ষ ২০২৬, এবং তিন কবির জন্মদিন উদযাপন অনুষ্ঠিত

প্রজেক্ট ক্লাউড হাউস

রোখসানা ইয়াসমিন মণি ডা. অভ্র সেনগুপ্ত, একজন প্রথিতযশা জ্যোতির্বিজ্ঞানী। ল্যাবের কাঁচের দেওয়ালের ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে আছেন। আজ সকালটা মেঘাচ্ছন্ন, ঠিক তার মনের মতো।